tanaka
প্রচ্ছদরাজনীতিগণতন্ত্রে সংকট হলে 'কালো ঘোড়ার অনুপ্রবেশ' আশঙ্কা: রিজভী

গণতন্ত্রে সংকট হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ আশঙ্কা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আশঙ্কা প্রকাশ করেছেন, দেশে গণতান্ত্রিক অভিযাত্রায় সংকট তৈরি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটতে পারে।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্বের অধিকাংশ উন্নত গণতান্ত্রিক দেশে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়ার প্রচলন রয়েছে। আমাদের দেশে হঠাৎ করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিকে আদর্শ গণতন্ত্রের মডেল হিসেবে উপস্থাপন করাটা প্রশ্নবিদ্ধ।”

জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির পক্ষে কথা বলায় রিজভী বলেন, “তারা যা বলছে তা অবান্তর এবং বিভ্রান্তিকর। তাদের অন্য কোনো উদ্দেশ্য বা মাস্টারপ্ল্যান থাকতেও পারে।”

তিনি আরও বলেন, “যারা গণতান্ত্রিক লড়াইয়ে অংশ নিয়েছেন, তারা নিশ্চয়ই এমন অবস্থানে পৌঁছাবেন, যাতে গণতন্ত্রের পথে কোনো বিঘ্ন না ঘটে। তা না হলে অগণতান্ত্রিক শক্তি—‘কালো ঘোড়া’—অভিযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে।”

পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, “উন্নত দেশগুলোতেও এই পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে। জনমতের প্রকৃত প্রতিফলন হয় কি না—তা নিয়েও প্রশ্ন রয়েছে। জাপানের মতো দেশে মাত্র ৩৭% আসনে পিআর পদ্ধতি রয়েছে। তাহলে হঠাৎ করে আমাদের দেশে এটি পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা কেন?”

তিনি অভিযোগ করেন, “জাতীয় নির্বাচনের আগে পিআর নিয়ে কথা বললে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। জরিপগুলোতে দেখা গেছে, অধিকাংশ মানুষ এই পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না।”

গণভোট ও নির্বাচন একসঙ্গে হওয়া উচিত

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদ অনুযায়ী কিছু দল আগে গণভোট চায়। কিন্তু ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে। সে হিসেবে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন করতে হবে। তাই নির্বাচন ও গণভোট একসঙ্গে করাই যৌক্তিক ও গ্রহণযোগ্য।”

রিজভী মনে করেন, নির্বাচন দ্রুত হওয়া জরুরি। “দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। বিনিয়োগ শূন্যের কোঠায় নেমেছে। কারণ জনগণের নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার থাকলে বিনিয়োগকারীরা আস্থা পায়, কর্মসংস্থান বাড়ে, অর্থনীতি চাঙা হয়। কিন্তু এখন পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে।”