আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ব্যক্তিদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। এ বিষয়ে সাংবাদিকদের এখন থেকেই সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীতে দুর্নীতি দমন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দুদক চেয়ারম্যান বলেন, “রাজনীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রতিষ্ঠানগুলোতে। রাজনীতিবিদরা স্বচ্ছ না হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। তাই সাংবাদিকরা এখন থেকেই আওয়াজ তুলতে পারেন, যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ ব্যক্তি মনোনয়ন না পায় এবং মনোনয়ন বেচাকেনার সংস্কৃতি বন্ধ হয়।”
তিনি আরও বলেন, “দুদকের প্রায় ৭০ ভাগ তথ্যই আসে গণমাধ্যম থেকে। হয়তো আমরা সরাসরি কোনো অভিযোগ পাই না, কিন্তু গণমাধ্যমের প্রতিবেদন থেকেই আমরা দিকনির্দেশনা পাই, যার ওপর ভিত্তি করে আমাদের গোয়েন্দারা কাজ করেন। সাংবাদিকরা যদি সহযোগিতা বন্ধ করে দেন, তাহলে দুদকের কার্যক্রম অচল হয়ে পড়বে।”
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতিবাজ সদস্যদের দেশে ফেরাতে দুদক কাজ করছে। ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান ড. মোমেন।
অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ ও আবু হেনা মোস্তফা জামান, র্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ এবং সাধারণ সম্পাদক তাবারুল হকসহ দুদক বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



