আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা আসামিদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতেই হবে। এরপর ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে তারা সাবজেলে থাকবেন, নাকি অন্য কোনো কারাগারে।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকার সেনানিবাসের একটি ভবনকে সাবজেল ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, সরকার চাইলে যেকোনো স্থানকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করতে পারে। তবে আইনি প্রক্রিয়া অনুযায়ী, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে তোলা বাধ্যতামূলক।
উল্লেখ্য, সরকার ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন ‘এমইএস বিল্ডিং-৫৪’-কে অস্থায়ীভাবে কারাগার ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১২ অক্টোবরের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়, যা গণমাধ্যমে আসে সোমবার।
এই ঘোষণা এমন সময় এলো, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে রয়েছেন।



