জাপান বর্তমানে এক গুরুতর স্বাস্থ্য সংকটের মুখোমুখি, যেখানে দেশজুড়ে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারি ঘোষণা অনুযায়ী, দেশে এখন ফ্লু মহামারী চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, প্রতি চিকিৎসা প্রতিষ্ঠানে গড়ে ১.০৪ জন ফ্লু রোগী রিপোর্ট করা হয়েছে—যা মহামারী সীমা ছাড়িয়ে গেছে। গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মধ্যে ৪,০৩০ জন ফ্লুতে আক্রান্ত হয়েছেন, যেখানে আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৯৫৭।
জাপানে সাধারণত নভেম্বরের শেষ বা ডিসেম্বরে ফ্লু প্রাদুর্ভাব দেখা দিলেও, এবার তা পাঁচ সপ্তাহ আগেই শুরু হয়েছে। অনেক স্কুলে ব্যাপক সংক্রমণের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। উদাহরণস্বরূপ, ইয়ামাগাটা প্রিফেকচারের এক প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জনের মধ্যে উপসর্গ দেখা দেওয়ায় স্কুলটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়।
হোক্কাইডোর হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটির অধ্যাপক ইয়োকো সুকামোটো বলেন, “এবার ফ্লু প্রাদুর্ভাব আগে শুরু হয়েছে এবং এটি ভবিষ্যতে একটি সাধারণ চিত্র হয়ে উঠতে পারে।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক ভ্রমণ ও মানুষের চলাচল ভাইরাসের অভিযোজন ক্ষমতা বাড়িয়ে তুলছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, সবাইকে টিকা নেওয়া, মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া এবং অসুস্থ অবস্থায় বাইরে না যাওয়ার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক বিবৃতিতে টোকিও-ভিত্তিক ভ্রমণ বিশ্লেষক অ্যাশলে হার্ভে বলেন, “যদিও ইনফ্লুয়েঞ্জার স্ট্রেন ভিন্ন হতে পারে, তবুও কোভিডের সময়ের মতো স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন।”
বর্তমানে জাপান সরকার কোনো কঠোর নিষেধাজ্ঞা আরোপ না করলেও, স্কুল ও কর্মস্থলে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, টিকা এবং ব্যক্তিগত সতর্কতাই এই সংকট মোকাবেলায় প্রধান হাতিয়ার।
২০২৫ সালে বিপুল সংখ্যক আন্তর্জাতিক পর্যটক আগমনের প্রেক্ষাপটে, বিশেষজ্ঞরা দেশি-বিদেশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র: ইকোনোমিক টাইমস



