বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্প্রতি পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) রাতে এক ঘরোয়া অনুষ্ঠানে ইশরাক হোসেনের সঙ্গে আংটি বদল হয় ব্যারিস্টার নুসরাত খানের। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এবং টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।
ইশরাক হোসেনের মা ইসমত হোসেন জানান, বাগদানটি হঠাৎ করেই পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়। তিনি নবদম্পতির জন্য সবার দোয়া কামনা করেছেন।
ইশরাক হোসেন ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায়। তিনি স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন এবং সেখান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন মোটরগাড়ি সংস্থায় কাজ করেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ইশরাক হোসেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।



