ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও তামিল সিনেমায় ফিরতে চলেছেন বলে গুঞ্জন উঠেছে। বর্তমানে একাধিক কাজে ব্যস্ত সামান্থা, কিন্তু তামিল সিনেমার ভক্তদের জন্য সুখবর হতে চলেছে। জানা যাচ্ছে, তিনি সিম্বু (সিলাম্বরসান টি আর) অভিনীত ‘অরাসান’ সিনেমায় কাজ করতে পারেন। গ্যাংস্টার থিমের এই সিনেমাটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা ভেত্রীমারান, যা ধানুশের ‘ভাদা চেন্নাই’ সিনেমার সিক্যুয়েল হিসেবে তৈরি হবে।
তেলেগু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামান্থা এখনো ‘অরাসান’-এ যোগদানের বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছেন এবং আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সবকিছু ঠিক থাকলে, এটি হবে ২০১০ সালের জনপ্রিয় ছবি ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’র পর সামান্থা ও সিম্বুর দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হওয়া। এর মাধ্যমে তিন বছরের বিরতির পর তামিল ছবিতে ফিরছেন এই অভিনেত্রী।
সামান্থার সর্বশেষ তামিল ছবি ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’, যেখানে তিনি বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে কাজ করেছিলেন। যদিও ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল, বক্স অফিসে তা সফল ছিল।
সাম্প্রতিক সময়েও তাকে দেখা গেছে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-এ, যেখানে তার সঙ্গে কাজ করেছেন বরুণ ধাওয়ান। সামান্থা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা হবে তেলেগু ভাষার অ্যাকশনধর্মী ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’।



