‘বলিউড অভিনেতা’ পরিচয়ের চেয়ে ভারতীয় সিনেমার প্রতিনিধি হিসেবে পরিচিত হতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলিউড তারকা রণবীর কাপুর। তার মতে, ‘বলিউড’ শব্দটি ভারতীয় চলচ্চিত্রের ব্যাপকতা ও বৈচিত্র্যকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। ভারতীয় সিনেমাকে ভাষা ও সংস্কৃতির বিভাজন পেরিয়ে একটি অভিন্ন শিল্প হিসেবে দেখতে চান এই অভিনেতা।
সম্প্রতি আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারের অংশ হিসেবে ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন ভাবনার কথা জানান রণবীর।
সাক্ষাৎকারে ‘বলিউড’ শব্দটির উৎপত্তি ও ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। রণবীরের ব্যাখ্যা, একসময় মুম্বাইয়ের নাম ছিল বোম্বে। সেই নামের সঙ্গে হলিউডের মিল রেখে মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্রশিল্পকে ‘বলিউড’ নামে অভিহিত করা শুরু হয়। একইভাবে দক্ষিণ ভারতের চলচ্চিত্রশিল্পের ক্ষেত্রেও বিভিন্ন নাম ব্যবহারের প্রচলন রয়েছে। তবে সময়ের সঙ্গে এই আঞ্চলিক পরিচয়ের সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি।
রণবীরের মতে, ভারত বহু ভাষা ও সংস্কৃতির দেশ। তাই দেশটির চলচ্চিত্রশিল্পকেও কোনো একটি ভাষা বা অঞ্চলের পরিচয়ে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং সব ভাষা ও সংস্কৃতির চলচ্চিত্র মিলেই তৈরি হচ্ছে ভারতের সামগ্রিক চলচ্চিত্রজগৎ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশ বহু সংস্কৃতি ও ভাষার দেশ। কিন্তু দিনশেষে আমরা সবাই মিলে একটাই শিল্প তৈরি করার চেষ্টা করছি। শিল্প এমন একটি জিনিস, যা মানুষকে এক সুতোয় বাঁধে। শিল্পের কোনো সীমানা নেই।’
চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ভারতীয় সিনেমার আঞ্চলিক সীমানা পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তা অর্জনের প্রবণতার সঙ্গে রণবীরের এই বক্তব্যের যথেষ্ট মিল রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভাষার চলচ্চিত্র দর্শকের কাছে পৌঁছে যাওয়ায় ভারতীয় সিনেমার পরিচয়ও ক্রমেই বিস্তৃত হচ্ছে।
আসছে রণবীরের ‘রামায়ণ’
এদিকে বর্তমানে নিজের নতুন সিনেমা ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। নীতিশ তিওয়ারি পরিচালিত এই ফ্যান্টাসি ড্রামা তৈরি হয়েছে হিন্দু মহাকাব্য রামায়ণের কাহিনি অবলম্বনে। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন একঝাঁক তারকা। চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে ‘রামায়ণ’। আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।



