আগামী রোববার, ৫ অক্টোবর থেকে বাংলাদেশ সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Single Use Plastic বা SUP)। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে সরকার এ পদক্ষেপ নিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শনিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সচিবালয়ের সব প্রবেশপথে তল্লাশি চালানো হবে। কারও কাছে পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া গেলে তা জব্দ করে কাগজের ব্যাগ দেওয়া হবে। সচেতনতা বাড়াতে প্রবেশপথসহ সচিবালয়ের বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পুরো কার্যক্রম তদারকির জন্য গঠন করা হয়েছে মনিটরিং টিম।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায়, সকল মন্ত্রণালয়কে সচিবালয়ে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উদ্যোগ নিতে বলা হয়েছে। সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট, চামচ ইত্যাদি প্লাস্টিকের পণ্য ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরিবর্তে পাটজাত, কাপড়ের বা অন্যান্য পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অর্ন্তভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিকল্প উপকরণ সরবরাহ এবং পরিবেশবান্ধব খাবার প্যাকেট ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব সচিবালয় গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।



