বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তের লক্ষ্যে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয়েছে—নতুন মেয়াদ ১ অক্টোবর থেকে কার্যকর হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে তিন মাসের মেয়াদে তদন্ত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে দুই দফায় আরও তিন মাস করে মেয়াদ বাড়ানো হয়, যার সর্বশেষ সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর।
কমিশনকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের প্রকৃতি ও স্বরূপ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্তের আওতায় রয়েছে—ঘটনার সময় সংঘটিত হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ, এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, আলামত ধ্বংসকারী, উসকানিদাতা এবং দেশি-বিদেশি সংশ্লিষ্ট গোষ্ঠী, সংস্থা বা প্রতিষ্ঠানের পরিচয় শনাক্ত করার কাজও।



