পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ এক বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যস্ত একটি সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানিয়েছেন, আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ জরুরি অবস্থা জারি করেছে।
স্বাস্থ্য সচিব মুজিবুর রহমান জানান, সিভিল হাসপাতাল, বিএমসি হাসপাতাল ও ট্রমা সেন্টারে সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কোয়েটার এসএসপি স্পেশাল অপারেশনস মুহাম্মদ বালুচ বলেন, “বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে এফসি সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। আহতদের তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়েছে।”
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সম্প্রতি পাকিস্তানে সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি মাসের ৩ তারিখে কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন নিহত হন। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে অতীতেও একাধিক প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত শুধু বেলুচিস্তানেই অন্তত ৭৮২ জন প্রাণ হারিয়েছেন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা ৪৩০ ছাড়িয়েছে, যার অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।



