tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সেজেছে মণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গোৎসব

সেজেছে মণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গোৎসব

আশ্বিনের হাওয়ায় ভেসে আসছে শারদীয়ার মিষ্টি গন্ধ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব—শারদীয় দুর্গাপূজা। রাজধানীসহ সারাদেশে মণ্ডপগুলো ইতোমধ্যে পূর্ণরূপে প্রস্তুত; উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মন্দির প্রাঙ্গণে।

ঢাকার অন্যতম প্রাচীন পূজামণ্ডপ ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতির চূড়ান্ত স্পর্শ চলছে। প্রতিমা নির্মাণ, প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা—সবখানেই নজরকাড়া আয়োজন। মূল মণ্ডপের ভেতরে চিরচেনা রূপে অধিষ্ঠিত দশভুজা দেবী দুর্গা। বাইরে রঙিন আলোয় আলোকিত চারপাশ। মন্দিরের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি কোণজুড়ে চোখে পড়ছে নজরদারির কঠোর ব্যবস্থা।

সার্বিক নিরাপত্তায় রয়েছে পুলিশ, র‍্যাব, ডিএমপি ও স্বেচ্ছাসেবক বাহিনী। মণ্ডপ প্রাঙ্গণে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, যেগুলোর মাধ্যমে র‍্যাবের কন্ট্রোল রুম থেকে চলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থানে।

আজ মহাষষ্ঠীর বিশেষ আচার ‘বোধন’, দেবীর আমন্ত্রণ এবং অধিবাস অনুষ্ঠিত হচ্ছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় জানান, সকাল ১০টার দিকে ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা পালিত হবে।

নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মণ্ডপগুলো পর্যবেক্ষণ করছি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।”

ঢাকা শহরে এবার মোট ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি। সারাদেশে এ সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, গত বছরের তুলনায় প্রায় এক হাজার বেশি।

এবারের দুর্গোৎসবের সূচনা হয়েছে ২১ সেপ্টেম্বর, মহালয়ার মাধ্যমে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়া, বোধন ও সন্ধিপূজা—এই তিনটি ধাপ নিয়ে গঠিত দুর্গোৎসবের মূল পর্ব। পঞ্জিকা অনুযায়ী, সপ্তম দিনে (আজ) ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনব্যাপী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।

  • ২৯ সেপ্টেম্বর: মহাসপ্তমী
  • ৩০ সেপ্টেম্বর: মহাঅষ্টমী
  • ১ অক্টোবর: মহানবমী
  • ২ অক্টোবর: বিজয়া দশমী ও বিসর্জন

এবার দেবীর আগমন ঘটেছে গজে (হাতি), যা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়—প্রকৃতিতে সমৃদ্ধি ও শান্তির প্রতীক। তবে দেবীর গমন হবে দোলায়, যা দুর্ভিক্ষ বা মহামারির পূর্বাভাস বলে ধরা হয় শাস্ত্রে।