ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া ও চীনের প্রস্তাব গৃহীত হয়নি। ইরানের ওপর ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে তারা উদ্যোগ নিলেও সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ তা অনুমোদন দেয়নি। ফলে বাংলাদেশ সময় রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে।
নিষেধাজ্ঞা ঠেকাতে ইরান শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালায়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদে রাশিয়া-চীনের খসড়া প্রস্তাব, যাতে নিষেধাজ্ঞা ছয় মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাব ছিল, ৪-৯ ভোটে নাকচ হয়। দুটি দেশ ভোটদানে বিরত থাকে।
ফলে পশ্চিমা বিশ্ব এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিতে চলেছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য অভিযোগ করেছে যে ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
জাতিসংঘের রেজুলেশন ২২৩১ অনুযায়ী, এই সপ্তাহান্তেই নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে এবং সব সদস্য রাষ্ট্রকে তা মেনে চলতে হবে।
অন্যদিকে, রাশিয়ার জাতিসংঘ উপ-দূত দিমিত্রি পলিয়ানস্কি দাবি করেছেন, ইরান ইউরোপীয় দেশগুলোকে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলো সমঝোতায় রাজি হয়নি।
কাতারভিত্তিক আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস জানিয়েছেন, সপ্তাহজুড়ে নিউইয়র্কে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পরও কোনো অগ্রগতি হয়নি।
এছাড়া, ইরানের সর্বোচ্চ নেতা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির ওপর আরও ভারী প্রভাব ফেলবে।



