ডেঙ্গু নিয়ন্ত্রণে গত পাঁচ বছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মশা নিধন কার্যক্রমে ৬০৫ কোটি টাকার বেশি ব্যয় করেছে। প্রতিবছর বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কিন্তু বাস্তবে কমছে না এডিস মশার বিস্তার। বরং ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। কীটতত্ত্ববিদদের মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩০ জন। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩৭৭। অর্থাৎ এক বছরের ব্যবধানে মৃত্যুর সংখ্যা বেড়েছে ১৫৩ জন। আক্রান্তের সংখ্যাতেও বড় ব্যবধান দেখা গেছে। ২০২৫ সালের প্রথম ১১ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৯৩ হাজার ১৯৯ জন। চলতি বছরের একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জনে। অর্থাৎ গত বছরের তুলনায় এবার আক্রান্ত বেড়েছে ৮৬ হাজার ৫০৯ জন।
চলতি বছর শুধু ঢাকা মহানগরেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৩৩ জন। ঢাকার হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রাজধানীতে মশার এমন বিস্তার নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রাকেও দুর্বিষহ করে তুলেছে।
ঢাকার দুই সিটি করপোরেশনের ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পর্যালোচনায় দেখা যায়, পাঁচ বছরে মশা নিয়ন্ত্রণে মোট ৬০৫ কোটি টাকা ব্যয় করেছে সংস্থা দুটি। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যয় করেছে ৪০৯ কোটি টাকা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যয় ১৯৬ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ডিএনসিসির মোট বাজেট ধরা হয়েছে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ২০৮ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট বাজেটের প্রায় সাড়ে ৪ শতাংশ।
অন্যদিকে, চলতি অর্থবছরে মশক নিয়ন্ত্রণে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে ডিএসসিসি। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও মশক নিয়ন্ত্রণ খাতে ১২১ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৫৫ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে বরাদ্দ বেড়েছে ৬৬ কোটি ৩৫ লাখ টাকা বা প্রায় ১২০ শতাংশ।
ডিএসসিসির বরাদ্দের মধ্যে শ্রমিকদের মজুরি বাবদ ৫৫ কোটি টাকা, কীটনাশক কেনার জন্য ৫০ কোটি ৫০ লাখ টাকা, জ্বালানি খাতে ৮ কোটি টাকা এবং মশক নিয়ন্ত্রণের যন্ত্রপাতি কেনার জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। বিপুল অর্থ বরাদ্দ ও ব্যয়ের পরও মশার উপদ্রব কমছে না বলে অভিযোগ নগরবাসীর।
রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা বলছেন, এখন শুধু সন্ধ্যা বা রাত নয়, দিনদুপুরেও মশার আক্রমণে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় দিনের বেলাতেও মশারি টানিয়ে থাকতে হচ্ছে। সাধারণ কয়েল কিংবা মশা মারার অন্যান্য উপকরণ ব্যবহার করেও মিলছে না স্বস্তি।
মিরপুরের পীরেরবাগ এলাকার গৃহিণী তাসমিয়াহ আমিন মানবজমিনকে বলেন, ‘আমি বিল্ডিংয়ের পাঁচতলায় থাকি। আগে এখানে মশা খুব একটা ছিল না। এখন মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত মশা মারার ব্যাট কিনতে হয়েছে।’
মালিবাগ এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করেন সাহেদুজ্জামান সাকিব। তিনি বলেন, ‘মশার আক্রমণে দিনদুপুরে কাঁথা গায়ে দিয়ে ফ্যান চালিয়ে বসে থাকতে হয়। রাতে মশারি ছাড়া ঘুমানোই যায় না।’
বছরের পর বছর উদ্যোগ, বদলায়নি নিয়ন্ত্রণ কৌশল
গত কয়েক বছরে দেশে একাধিকবার সরকারের পরিবর্তন হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ও পদ্ধতিগত পরিবর্তন আসেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালে বাংলাদেশ ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। সে বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মশা নিধনে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করলেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
২০২৪ সালের মার্চে আওয়ামী লীগ সরকার জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশল অনুমোদন করে। ওই কৌশলে ২০৩০ সালের মধ্যে প্রতি হাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ একজন এবং মৃত্যুহার শূন্য দশমিক ১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান বলছে, সেই লক্ষ্য অর্জনে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
২০২৪ সালের ৮ আগস্টের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের কথা জানায়। তবে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। পরবর্তী সময়ে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তারাও মশা নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিলেও কার্যক্রমে প্রচলিত পদ্ধতির বাইরে বড় ধরনের পরিবর্তন আসেনি।
তথ্য-প্রমাণভিত্তিক নিয়ন্ত্রণের ঘাটতি
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দিয়ে এডিস মশার প্রকৃত বিস্তার সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া সম্ভব নয়। কারণ, সব এডিস মশা ডেঙ্গুর জীবাণু বহন করে না। আবার ডেঙ্গুতে আক্রান্ত সব রোগী হাসপাতালে ভর্তি হন না। ফলে সরকারি পরিসংখ্যানে আক্রান্তের প্রকৃত চিত্রও উঠে আসে না। তাদের অভিযোগ, তথ্য-প্রমাণভিত্তিক পরিকল্পনা ও কার্যকর নজরদারির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার এখনো সফল হতে পারেনি।
কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার মানবজমিনকে বলেন, সব এডিস মশার কামড়ে ডেঙ্গু হয় না। কারণ, সব মশার শরীরে ডেঙ্গুর জীবাণু থাকে না। জীবাণুবাহী মশার কামড়েই ডেঙ্গু সংক্রমিত হয়। জীবাণুমুক্ত এডিস মশার কামড়ে সাধারণত স্থানে জ্বালাপোড়া বা ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
তিনি বলেন, দেশে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি। কারণ, স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান পাওয়া যায়, তা মূলত হাসপাতালে ভর্তি রোগীদের হিসাব। এর বাইরে অসংখ্য রোগী রয়েছেন, যারা হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ মনে করেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু সিটি করপোরেশনের ওপর ছেড়ে দিলে চলবে না। এটি এখন সারা দেশের জনস্বাস্থ্য সমস্যা।
তিনি মানবজমিনকে বলেন, ডেঙ্গু এখন আর শুধু ঢাকা বা বড় শহরকেন্দ্রিক সমস্যা নয়। সারা দেশেই এর বিস্তার ঘটছে। তাই স্থানীয় সরকার বিভাগসহ সরকারের সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে একযোগে এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করতে হবে।
এডিস মশা নিয়ন্ত্রণে দুটি কার্যকর পদক্ষেপের কথা উল্লেখ করে ডা. বেনজির আহমেদ বলেন, প্রথমত, ছোট ছোট কন্টেইনার, বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে পানি জমতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, যেসব জায়গায় জমে থাকা পানি অপসারণ করা সম্ভব নয়, সেখানে লার্ভিসাইড প্রয়োগ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করে মশা নিধনের প্রচলিত কার্যক্রম চালানোর পাশাপাশি মশার প্রজননস্থল শনাক্ত, নিয়মিত নজরদারি, লার্ভা ধ্বংস এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করা জরুরি। অন্যথায় বাজেটে বরাদ্দ ও ব্যয়ের অঙ্ক বাড়লেও ডেঙ্গুর প্রকোপ কমানো কঠিন হবে। রাজধানীসহ সারা দেশে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে থেকে যাবে এডিস মশা।



