tanaka
প্রচ্ছদজাতীয়হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১৫

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১৫

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এসব পরিসংখ্যান বলছে, দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।