tanaka
প্রচ্ছদজাতীয়গণহত্যা রোধে ভেটো সীমিত করার উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যা রোধে ভেটো সীমিত করার উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ

গণহত্যা ও বড় ধরনের নৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ। ফ্রান্স ও মেক্সিকোর যৌথভাবে নেওয়া এ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে অংশ নেবে দেশটি।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোটের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান এ অঙ্গীকার করেন।

বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংকট ও সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সাধারণ পরিষদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় ড. খলিলুর রহমান জানান, গণহত্যা ও গুরুতর নৃশংসতার মতো পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স-মেক্সিকোর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে বাংলাদেশ।

উদ্যোগটির মূল লক্ষ্য হলো, বড় ধরনের নৃশংসতা সংঘটিত হলে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ যাতে ভেটো ক্ষমতার কারণে অচল হয়ে না পড়ে, তা নিশ্চিত করা। এ জন্য সংশ্লিষ্ট পরিস্থিতিতে স্থায়ী সদস্যদের স্বেচ্ছায় ভেটো প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে উদ্যোগটি এগিয়ে নেওয়া এবং এর পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়াতে জাতিসংঘ সাধারণ পরিষদের ভেতরে দুই দেশের প্রচেষ্টা কীভাবে সমন্বিত করা যায়, তা নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের পর দায়মুক্তির সংস্কৃতি (ইম্পিউনিটি) প্রতিরোধে বাংলাদেশ ও ফ্রান্স তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

আলোচনায় আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করা এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বহুপক্ষীয় উদ্যোগ জোরদারের বিষয়ে দুই দেশের অভিন্ন অবস্থান ও আগ্রহের প্রতিফলন ঘটেছে।

এ ছাড়া অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক বিনিময় ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ফ্রান্স।