ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, দুই নেতা পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। প্রথম মেয়াদে সরকারপ্রধান হবেন আইজেনকোট, পরবর্তী মেয়াদে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইজেনকোটকে এ ধরনের প্রস্তাব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে মতভেদ রয়েছে। তবে সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যে আইজেনকোটের কাছে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার দায় এড়ানোর সুযোগ থাকছে নেতানিয়াহুর দল লিকুদের। সম্ভাব্য সমঝোতার শর্ত নিয়েও দলটির অভ্যন্তরে মতবিরোধ রয়েছে।
নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে এখনো সংশয় কাটেনি আইজেনকোটের। আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হওয়ার আগেই আগামী সপ্তাহে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন তিনি। প্রয়োজনে প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করার সুযোগও রয়েছে তার।
এদিকে, নেতানিয়াহুর সম্ভাব্য প্রস্তাবকে সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কৌশল হিসেবে দেখছেন ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু আইজেনকোটকে প্রধানমন্ত্রীর দায়িত্ব ভাগাভাগির প্রস্তাব দিতে পারেন। এতে প্রথম মেয়াদে আইজেনকোট এবং পরবর্তী মেয়াদে নেতানিয়াহু দায়িত্ব নেবেন। তবে এটি মূলত একটি রাজনৈতিক কৌশল।
লিবারম্যানের ধারণা, নেতানিয়াহু নতুন নির্বাচন চান। সে লক্ষ্যেই শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্য সরকার গঠনের আলোচনা চালিয়ে যাবেন তিনি। পরে আলোচনা ভেঙে যাওয়ার অজুহাত তৈরি করবেন। এমনকি লিকুদকে নিয়ে শেষ পর্যন্ত ঐক্য সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে নতুন সংকট তৈরি করে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দিতে পারেন নেতানিয়াহু। এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট ইতোমধ্যে তার জোটসঙ্গী লিবারম্যান এবং ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানকে আশ্বস্ত করেছেন, তাদের সম্মতি ছাড়া নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের উদ্যোগ নেবেন না।
চ্যানেল ১৩ জানিয়েছে, আইজেনকোটের জোটের জ্যেষ্ঠ নেতাদের ভাষ্য অনুযায়ী, বিয়াখাদ পার্টির প্রধান নাফতালি বেনেট প্রকাশ্যে লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নিলেও নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষ হওয়ার আগেই আইজেনকোট সরকার গঠন করলে তিনি সেই সরকারের বিপক্ষে ভোট দেবেন। আইজেনকোটের জোটে বিয়াখাদই একমাত্র দল, যারা এখনো ইয়াশার পার্টির সঙ্গে আনুষ্ঠানিক জোট চুক্তি করেনি।
বেনেটের বিয়াখাদসহ আইজেনকোটের চারদলীয় জোটের আসনসংখ্যা ৪৮। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে সরকার গঠনের জন্য আরও ১৩টি আসন নিশ্চিত করতে হবে তাকে। এ ক্ষেত্রে তার সামনে রয়েছে দুটি আরব নেতৃত্বাধীন দল, দুটি অতি-গোঁড়া ইহুদি দল কিংবা এসব দলের সমন্বয়ে সমর্থন আদায়ের সম্ভাবনা।
বর্তমানে আইজেনকোটের সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছে অতি-গোঁড়া ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং তুলনামূলক মধ্যপন্থি আরব দল রা’আমকে নিয়ে সরকার গঠনের বিকল্প। তবে নির্বাচনের আগে আইজেনকোটের জোটের গুরুত্বপূর্ণ নেতারা এসব দলের সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেছিলেন। ফলে নতুন নির্বাচন এড়াতে হলে তাদের আগের অবস্থান থেকে সরে এসে সমঝোতায় পৌঁছাতে হতে পারে।
অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান। তার মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর এটিই একমাত্র বাস্তবসম্মত পথ। তবে লিবারম্যান এ ধরনের ব্যবস্থার বিরোধিতা করছেন। তিনি বরং অতি-গোঁড়া ইহুদি দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকোট জানিয়েছেন, লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের জন্য তিনি সমঝোতায় যেতে প্রস্তুত। তবে তার অভিযোগ, লিকুদ আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী নয়। গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদের আলোচক দল মাত্র পাঁচবার বৈঠক করেছে। আরও ঘন ঘন বৈঠকের অনুরোধও প্রত্যাখ্যান করেছে লিকুদ।
আইজেনকোটের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ও হত্যাযজ্ঞের ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাবে রাজি হয়নি লিকুদ। একইভাবে সরকার থেকে উগ্রপন্থিদের বাদ দেওয়া কিংবা সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার আইন পাস করতে সক্ষম এমন সরকার গঠনের বিষয়েও আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে দলটি।
আইজেনকোট বলেন, ঐক্য সরকারের বিষয়ে লিকুদ সবচেয়ে অগ্রহণযোগ্য প্রস্তাবটি দিয়েছে। তাদের প্রস্তাব হলো, ‘একই সরকার, একই শরিক, কোনো পরিবর্তন নেই, সামরিক বাহিনীতে নিয়োগের কোনো আইন নেই।’
তিনি বলেন, ‘এ ধরনের প্রহসনে আমি অংশ নিতে চাই না।’
আইজেনকোটের দাবি, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং বিচারব্যবস্থার কিছু পরিবর্তনের বিষয়ে তার জোট সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত ছিল। কিন্তু দুই সপ্তাহের আলোচনায় লিকুদ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। তবে লিকুদ আন্তরিকভাবে আলোচনা ও সমঝোতার অংশীদার হতে চাইলে তার পক্ষ থেকে আলোচনার দরজা খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল।



