গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান তিনি।
হাসপাতালে গিয়ে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তাদের চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত বিজিবি সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন (৪০)। হামলায় তার মাথায় আঘাত লাগে। পরে তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)।
ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। অন্যদিকে, সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।
বর্তমানে আহত তিন বিজিবি সদস্যই পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



