tanaka
প্রচ্ছদঅন্যান্যএআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেওয়া হবে ভয়ংকর সিদ্ধান্ত: অ্যানথ্রপিক সিইও

এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেওয়া হবে ভয়ংকর সিদ্ধান্ত: অ্যানথ্রপিক সিইও

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে সতর্ক করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তার মতে, মানবজাতির নিয়ন্ত্রণ ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এআইয়ের হাতে ছেড়ে দেওয়া বিপজ্জনক। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ন্যস্ত করা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি। আমোদেই মনে করেন, এআই প্রযুক্তির ব্যবহার অবশ্যই বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ন্ত্রণে থাকতে হবে।

প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা যখন ধারণা করছেন, অদূর ভবিষ্যতে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে, তখন আমোদেইয়ের এমন বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যানথ্রপিকের অভ্যন্তরে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এআইয়ের হাতে তুলে দেওয়ার বিষয়ে একধরনের ঐকমত্য তৈরি হয়েছে।

ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আমোদেই বলেন, এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার ধারণাকে তিনি সমর্থন করেন না। এমন চিন্তাকে ভালো মনে করলে তিনি প্রকাশ্যেই এর পক্ষে অবস্থান নিতেন। অতীতে বিভিন্ন অজনপ্রিয় মতামত প্রকাশ করতেও তিনি পিছপা হননি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় এআইয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠার ধারণা তার কাছে ভয়াবহ।

তার এ বক্তব্যের পর কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) এবং কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা (এএসআই) নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে। এজিআই বলতে মানুষের সমপর্যায়ের বা তার চেয়ে বেশি সক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়। অন্যদিকে, এএসআই হলো এমন প্রযুক্তি, যার বুদ্ধিমত্তা ও সক্ষমতা মানুষের সর্বোচ্চ পর্যায়কেও ছাড়িয়ে যেতে পারে।

সিলিকন ভ্যালিসহ বিশ্বের বিভিন্ন প্রযুক্তিকেন্দ্রে এআইয়ের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে মতবিরোধ রয়েছে। এক পক্ষ মনে করছে, মানবকল্যাণে এ প্রযুক্তি অভাবনীয় পরিবর্তন আনতে পারে। অন্যদিকে, নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে এটি মানবজাতির জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে।

এআই নিরাপত্তা নিয়ে কাজ করা গবেষকদের একটি অংশ সতর্ক করছেন, অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত মডেল একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে এসব ব্যবস্থা যখন মানুষের সরাসরি সহায়তা ছাড়াই নিজেদের সক্ষমতা বাড়াতে শুরু করবে, তখন ঝুঁকি আরও বাড়তে পারে। প্রযুক্তির এ প্রক্রিয়াকে বলা হয় ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’ বা পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন।

এদিকে গত সপ্তাহে ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে আলোচনায় আসে অ্যানথ্রপিক।

আমোদেই তার পোস্টে এআই দিয়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করানো এবং বৈশ্বিক শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ প্রযুক্তিটির হাতে তুলে দেওয়ার মধ্যে পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, এআই দিয়ে গাড়ি চালানো, ক্যানসারের ওষুধ আবিষ্কার কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত সফটওয়্যার তৈরি করানো আর বিশ্ব পরিচালনার দায়িত্ব এআইয়ের হাতে দেওয়া এক বিষয় নয়।

তার মতে, এআইকে ব্যবহার করে আরও জটিল ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক হতে পারে। সফটওয়্যার, চিকিৎসা, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে এ প্রযুক্তি বড় ধরনের অগ্রগতি আনতে সক্ষম।

আমোদেই আরও বলেন, অনেক ক্ষেত্রে এআইয়ের এমন ব্যবহার শুধু কাম্যই নয়, বরং এর মাধ্যমে অসংখ্য মানুষের জীবনও রক্ষা করা সম্ভব। তবে প্রযুক্তিটির সব ধরনের প্রয়োগ ইতিবাচক হবে না। কিছু ক্ষেত্রে এআইয়ের ব্যবহার অনুপযুক্ত হতে পারে এবং সেসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

অন্যদিকে, অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আমোদেই ও অ্যানথ্রপিকের কয়েকজন শীর্ষ নির্বাহী মনে করেন, যেসব কাজ এআই মানুষের তুলনায় ভালোভাবে করতে সক্ষম, সেসব ক্ষেত্রে প্রযুক্তিটিকে কর্তৃত্ব না দেওয়া অযৌক্তিক, এমনকি অনৈতিকও হতে পারে। বিশেষ করে রোগ নিরাময়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ ধারণার প্রাসঙ্গিকতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আল জাজিরা।