পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ সংক্রান্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশের ওপর কোনো ধরনের হামলা হলে ভারতকেও এর পালটা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে নেতারা বলেন, ভারতের সমর্থনপুষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি বাস্তবসম্মত নয়, বরং ফাঁকা বুলি। তাদের দাবি, জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করায় ভারতের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে পশ্চিমবঙ্গের কিছু নেতাকে দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে বলে তারা মনে করেন।
হেফাজত নেতারা বলেন, বাংলাদেশের জনগণ এ ধরনের হুমকিতে ভীত নয়। বাংলাদেশকে কেবল আওয়ামী লীগ বা শেখ পরিবারের পরিচয়ে বিবেচনা করার সুযোগ নেই। ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বাস্তবতা উপলব্ধি করা।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ভারত বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। ভারতের আধিপত্যবাদী নীতির বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও ইসলামপন্থিরা নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও দাবি করেন তারা। এ প্রসঙ্গে বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ, পিলখানা হত্যাকাণ্ডে নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গ তুলে ধরেন হেফাজত নেতারা।
ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, দেশটি বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করা বাংলাদেশকে আর কোনোভাবেই নত করা সম্ভব নয়। ভারতের প্রচারণার বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার পালটা প্রতিক্রিয়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে দিল্লির ক্ষমতাকেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে।
হেফাজত নেতারা বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ়তা দেখিয়েছে। ভবিষ্যতেও যেকোনো সংকটে তারা একইভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে তাদের বিশ্বাস। পাশাপাশি সামরিক শক্তিতে সমৃদ্ধ মুসলিম দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তারা।



