tanaka
প্রচ্ছদরাজনীতিপুরোনো মামলা প্রত্যাহারের দাবি এনসিপির, মাহমুদুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা নিয়ে প্রশ্ন

পুরোনো মামলা প্রত্যাহারের দাবি এনসিপির, মাহমুদুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা নিয়ে প্রশ্ন

আওয়ামী লীগ সরকারের আমলে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনো চলমান থাকায় প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব মামলা অবিলম্বে প্রত্যাহারের পাশাপাশি মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পেছনের কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে দলটি।

এনসিপির দাবি, এসব মামলার কয়েকটির বিচারিক প্রক্রিয়া শেষে মাহমুদুর রহমানকে সাজাও ভোগ করতে হয়েছে। এ ছাড়া দুই দফায় দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে তাকে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় আমার দেশ সম্পাদককে।

দলটির বক্তব্য অনুযায়ী, জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের সময় মিলিয়ে ২৮ মাস পার হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে এত মামলা প্রত্যাহারের পরও মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে করা মামলাগুলো কেন এখনো চলমান রয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি।

এ অবস্থায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলাগুলো দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পেছনে কারা রয়েছেন, তা তদন্ত করে প্রকৃত ঘটনা ও সংশ্লিষ্টদের ভূমিকা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে এনসিপি।