tanaka
প্রচ্ছদসারাদেশকোচিং সেন্টারে পড়াতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টারে পড়াতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের কোচিং সেন্টারে গিয়ে পাঠদান করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান বাদ দিয়ে কোচিং সেন্টারে সময় দেওয়া শিক্ষকদের চিহ্নিত করতে তালিকা তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান না করে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়ান। এ ধরনের শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না এবং পরীক্ষায় নকলের সুযোগও থাকবে না।

রাজনৈতিক কর্মকাণ্ডে শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে সতর্ক করে শিক্ষামন্ত্রী বলেন, যারা শ্রেণিকক্ষের পাঠদান ফেলে রাজনৈতিক দলের মিছিল-মিটিংয়ে অংশ নেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। দায়িত্বে অবহেলা করে যখন-তখন মিছিল-মিটিংয়ে অংশ নিয়ে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, এবার এইচএসসি পরীক্ষার প্রায় ২৩ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে। পরীক্ষকদের নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি ফ্যাসিস্ট সরকারের সময় নয় যে, খাতায় কিছু না লিখেও নম্বর পাওয়া যাবে। ভালো ফল করতে হলে শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিতে হবে।

শিক্ষামন্ত্রীর দাবি, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোথাও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও দেশে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ থাকবে না বলে আশ্বাস দেন তিনি।

শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার নির্দেশনা দিয়েছেন। এসব সাইকেল দেশের বিভিন্ন অঞ্চলের মেয়েদের মধ্যে বিতরণ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার কম্পিউটার সরবরাহ করা হবে।

আগামী বছরের শুরু থেকে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন ৩৮ টাকা ৫০ পয়সা ব্যয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নতুন পোশাক দেওয়ার পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়ানো হবে। আগামী ২৪ ডিসেম্বর সব শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পাশাপাশি একই দিনে শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

নাটোরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, গত ১৯ বছর ধরে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভবন পায়নি, সেগুলোকে এবার ভবন দেওয়া হবে। পাশাপাশি ফলাফলের ভিত্তিতেও প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামোগত সুবিধা দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হবে, তারা ভবনসহ সরকারি সুযোগ-সুবিধা পাবে না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিক নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক।

এ ছাড়া কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেলিম উদ্দিন বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাদা কাগজ জমা দিয়েও জিপিএ-৫ এবং কিছু লিখে জমা দিলেই গোল্ডেন-৫ পাওয়ার সুযোগ ছিল। তবে এখন সেই পরিস্থিতি নেই। বিএনপির আমলে শিক্ষার্থীদের ভালো ফল করতে হলে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

তিনি আরও বলেন, একসময় আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে জিপিএ-৫ ও গোল্ডেন-৫ পাওয়া শিক্ষার্থীরা চাকরি পাবে না। বরং বিএনপির আমলে যারা প্রকৃত মেধা ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফল করবে, তারাই চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকবে।