tanaka
প্রচ্ছদসারাদেশনিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে আজহারুল ইসলাম নামে এক যুবদল কর্মীকে বহিষ্কার করেছে জেলা যুবদল। ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি দেশে ফিরে নাশকতার উদ্দেশ্যে গোপনে অবস্থান করার অভিযোগ রয়েছে মুনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে জেলা যুবদল আজহারুলের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

বহিষ্কৃত আজহারুল ইসলাম নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে পরিচয় দিলেও জেলা যুবদল জানিয়েছে, তিনি সংগঠনের একজন সাধারণ কর্মী। তার কোনো সাংগঠনিক পদ নেই।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গিয়াস উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের রক্ষায় ভূমিকা রাখার সুনির্দিষ্ট অভিযোগে আজহারুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু যুগান্তরকে বলেন, নিষিদ্ধ সংগঠনের একজন শীর্ষ নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরপরই আজহারুলের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন মুন। সম্প্রতি গোপনে দেশে ফিরে তিনি আজহারুলের বাড়িতে আত্মগোপন করেন বলে অভিযোগ রয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাশকতা ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুনকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এর মধ্যে ২০২৪ সালের ২১ নভেম্বর সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং ২৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।