দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ক্রমেই রপ্তানিমুখী হয়ে উঠছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, টেকসই ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করাও সরকারের অন্যতম লক্ষ্য।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।
এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক বাংলাদেশের মানুষের জন্য দুধ, মাংস ও ডিমের মতো প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে। একই সঙ্গে স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের অংশগ্রহণ বাড়ানোর সুযোগ রয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে। এটি দেশের প্রাণিসম্পদ খাতের রপ্তানি সম্ভাবনা ও সক্ষমতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি।



