tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২০ জনের বেশি

সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২০ জনের বেশি

তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার আঘাতে একটি হ্রদের পানি উপচে পড়ায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১২০ জনের বেশি। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।—বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে হংকংয়ে রাগাসার সম্ভাব্য আঘাতকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। শত শত ফ্লাইট বাতিল এবং স্কুল, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। হংকং অবজারভেটরি জানিয়েছে, তারা তৃতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করবে, যার পরপরই গণপরিবহন এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

ক্যাথে প্যাসিফিক জানিয়েছে, তারা ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করেছে। হংকংয়ের প্রায় ৭৫ লাখ বাসিন্দা সম্ভাব্য ক্ষয়ক্ষতির জন্য সতর্ক অবস্থায় রয়েছে। বিমানবন্দর খোলা থাকলেও মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত ফ্লাইট বিপর্যয় অব্যাহত থাকতে পারে।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশ থেকে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে। অঞ্চলটিতে অল্প সময়ের মধ্যে এক মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে ভূমিধসের ঝুঁকিও বেড়ে গেছে।

এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলেও আঘাত হেনেছে টাইফুন রাগাসা। সেখানে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এই অবস্থাকে একটি সম্ভাব্য ‘বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছে।