মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তাদের আর্টেমিস মিশনের প্রথম মানববাহী মহাকাশযান ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চাঁদ ঘুরে ফিরে আসতে পারে, যা পূর্বনির্ধারিত সময়ের তুলনায় কয়েক মাস আগেই হতে চলেছে।
চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত আর্টেমিস প্রোগ্রামটি একটি বহু বিলিয়ন ডলারের প্রকল্প। এটি চীনের ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় রয়েছে।
এই কর্মসূচির প্রথম ধাপ আর্টেমিস-১ ছিল একটি অমানববাহী মিশন, যা ২০২২ সালের নভেম্বরে সফলভাবে চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসে।
নাসার মতে, আর্টেমিস-২ হবে একটি প্রায় ১০ দিনের মানববাহী যাত্রা, যার লক্ষ্য শুধু চাঁদ ঘুরে দেখা নয়, বরং বৈজ্ঞানিক গবেষণা, অর্থনৈতিক সম্ভাবনা অনুসন্ধান এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতি নেওয়া। যদিও এই মিশনে নভোচারীরা চাঁদের মাটিতে নামবেন না, তবুও ১৯৭২ সালের পর এই প্রথমবার মানুষ পৃথিবীর নিম্ন কক্ষপথ পেরিয়ে আরও দূরে যাবে।
প্রাথমিকভাবে এই মিশনটি ২০২৬ সালের এপ্রিল মাসে শুরু হওয়ার কথা থাকলেও, এখন ফেব্রুয়ারিতেই লঞ্চ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাসার কর্মকর্তারা।
নাসার ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লাকিশা হকিন্স এক সংবাদ সম্মেলনে বলেন,
এই মিশন সফল হলে পরবর্তী ধাপ হবে আর্টেমিস-৩, যার লক্ষ্য চাঁদের মাটিতে মানুষ নামানো। এই মিশনটি ২০২৭ সালে শুরু হওয়ার কথা এবং এতে স্পেসএক্সের স্টারশিপ-এর চাঁদে অবতরণের জন্য উপযোগী সংস্করণ ব্যবহার করা হবে।



