সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র আলেম পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল-শেখের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মঙ্গলবার সকালে রিয়াদে ৮২ বছর বয়সে শেখ আব্দুল আজিজ আল-শেখ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক প্রাজ্ঞ আলেম, ধর্মীয় পথপ্রদর্শক ও ইসলামী চিন্তার অগ্রদূতকে হারাল। ইসলামের খেদমতে তাঁর আজীবন নিষ্ঠা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ইসলামী বিশ্বে তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে।”
তিনি আরও বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখ সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বব্যাপী তিনি ইসলামী জ্ঞান, শিক্ষা ও নেতৃত্বের জন্য শ্রদ্ধার পাত্র ছিলেন।
উল্লেখ্য, ১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ভাষা ও ইসলামি শরিয়াহ বিষয়ে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।



