বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ভারত-বাংলাদেশ সীমান্তের অর্থনৈতিক কর্মকাণ্ডে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ভিসাপ্রত্যাশীরা। একই সঙ্গে মালদার মহদিপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে কমেছে পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল। এতে দুই দেশের ব্যবসায়ী, পরিবহনকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে এখানে আসতেন। কেন্দ্রটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। পাশাপাশি ফুলবাড়ী সীমান্ত দিয়ে পরিচালিত দ্বিপক্ষীয় বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিলিগুড়ি ও কলকাতায় বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেনি।
এর আগে গত ১৭ নভেম্বর বাংলাদেশ উপহাইকমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটিতে নতুন ভিসার আবেদন গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। তবে কেন্দ্র বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ী সীমান্তের রপ্তানিকারক ও আমদানিকারক সমিতির সভাপতি জামির বাদশা জানান, দীর্ঘ সময় ভিসা কার্যক্রম বন্ধ থাকলে সীমান্ত বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। শুরুতে এই সীমান্ত দিয়ে প্রধানত পাথর রপ্তানি করা হলেও পরবর্তী সময়ে ব্যবসায়ীদের উদ্যোগে টমেটো, ভুট্টা, পেঁয়াজ ও চাল রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। ভারত ও ভুটান থেকে বিপুল পরিমাণ পাথর বাংলাদেশে যায়। বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে কাপড় আমদানি করা হয়। এসব বাণিজ্যের সঙ্গে দুই দেশের বহু ব্যবসায়ী ও পরিবহনকর্মীর জীবিকা জড়িত।
এদিকে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তেও যাত্রী চলাচলে বড় ধরনের ভাটা পড়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগে এ সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ থেকে ৩০০ জন যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে প্রায় ১০০ জনে নেমেছে।
ঢাকা থেকে বুড়িমারী পর্যন্ত বাস চলাচলও আগের তুলনায় কমেছে। গত ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাসে এ সীমান্ত দিয়ে ৩০ হাজারের বেশি মানুষ যাতায়াত করেছিলেন। যাত্রীসংখ্যা হ্রাস পাওয়ায় সীমান্ত এলাকার হোটেল, খাবারের দোকান ও পরিবহন ব্যবসায়ও প্রভাব পড়েছে।
অন্যদিকে মালদার মহদিপুর সীমান্তে রপ্তানি কার্যক্রম এখনো মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়ার সময় ভারতীয় ট্রাকচালক ও মালিকরা হয়রানি কিংবা হামলার শিকার হতে পারেন—এমন আশঙ্কায় তাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
মহদিপুর রপ্তানিকারক সমিতির সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, সীমান্তে বিএসএফের নজরদারি জোরদার থাকলেও ট্রাকচালক ও খালাসিদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি।
দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দরেও রপ্তানি কার্যক্রমে গতি কমেছে। আগে প্রতিদিন ৬০ থেকে ৭৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও সোমবার এ সংখ্যা কমে ২৫টিতে দাঁড়িয়েছে।
হিলি রপ্তানিকারক ও শুল্ক ছাড়করণ প্রতিনিধি সমিতির সম্পাদক বিকাশ মণ্ডল আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতির আরও অবনতি হলে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে রপ্তানি করা পণ্যের মূল্য পরিশোধ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।
সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তে বাণিজ্য, পর্যটন ও যাত্রী চলাচলে নেতিবাচক প্রভাব পড়ছে। ভিসা কার্যক্রমে অনিশ্চয়তা, যাত্রীসংখ্যা কমে যাওয়া এবং পণ্য পরিবহনে ধীরগতির কারণে সীমান্তনির্ভর ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে দুই দেশের সীমান্তবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ড আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।



