দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের অবকাঠামো সম্প্রসারণে দুটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় প্রকল্প দুটি অনুমোদন পায়।
সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি জানান, আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পটি দ্বিতীয়বার সংশোধন করা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পটির ব্যয় ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫৩২ কোটি টাকা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শুরুতে ১০০ শয্যার একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এতে হৃদরোগ ও কিডনির বিশেষায়িত চিকিৎসা, অতিরিক্ত শয্যা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হয়। ২০১৯ সালে প্রকল্পটি গ্রহণ করা হলেও ২০২৩-২৪ অর্থবছরের দিকে এর বাস্তবায়ন কার্যক্রমে গতি আসে।
দেশে ক্যান্সার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলে ধরে সাকি বলেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। এ রোগে বছরে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। অন্যদিকে, ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ও হাসপাতালের বার্ষিক রোগীসেবা সক্ষমতা প্রায় ৪০ হাজার। ফলে চিকিৎসা নিতে আসা রোগীদের শয্যা ও প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘ ভোগান্তির মুখে পড়তে হয়।
আট বিভাগে নতুন বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র চালু হলে রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ঢাকার বাইরে বসবাসকারী রোগীরাও নিজ নিজ এলাকায় উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন।
চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ ও প্রস্তুত করার ওপরও গুরুত্বারোপ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ প্রয়োজনীয় দক্ষ কর্মী নিশ্চিত না করে ব্যয়বহুল যন্ত্রপাতি স্থাপন করলে সেগুলো অব্যবহৃত থেকে যেতে পারে। এতে রোগীরা প্রত্যাশিত চিকিৎসাসেবা পাবেন না।
এ কারণে প্রকল্পের শুরুতেই প্রয়োজনীয় জনবলের অনুমোদন নেওয়া এবং মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণের আরেকটি সংশোধিত প্রকল্পও অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের ব্যয় ২ হাজার ১০৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯৭১ কোটি ৬৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটির আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লিভার প্রতিস্থাপন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান সাকি।
তিনি বলেন, ইতোমধ্যে দেশের সাতজন চিকিৎসক পাঁচটি দেশে লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশি অংশীদারদের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞ বিদেশি সার্জনরা অস্ত্রোপচার করবেন। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি চিকিৎসকরা তাঁদের সহযোগিতা করবেন। পরবর্তী সময়ে দেশীয় চিকিৎসকরাই স্বাধীনভাবে এ অস্ত্রোপচার পরিচালনা করবেন।
এই উদ্যোগের মাধ্যমে দেশে নিজস্ব ব্যবস্থাপনায় লিভার প্রতিস্থাপনের সক্ষমতা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তাঁর মতে, চিকিৎসাশাস্ত্রে দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণের বিকল্প নেই।
এ ছাড়া ভবিষ্যতে দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি করতে স্বাস্থ্যশিক্ষা এবং বিশেষায়িত প্রশিক্ষণ খাতে বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানান তিনি।



