শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামির পক্ষে আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।
সকল পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয় এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলনের’ সময় শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। আন্দোলন চলাকালে সংঘর্ষে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে নিহতের স্ত্রী রোজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং প্রায় ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। কামরুল ইসলাম এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।



