tanaka
প্রচ্ছদখেলাকামিন্সের ব্যক্তিগত আক্রমণে হতাশ খাজা, বললেন ‘এমনটা আশা করিনি’

কামিন্সের ব্যক্তিগত আক্রমণে হতাশ খাজা, বললেন ‘এমনটা আশা করিনি’

উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে ২০১৮ সালের অস্ট্রেলীয় ক্রিকেটের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি, যা ‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত। নিজের বইয়ে খাজা দাবি করেছেন, কেপটাউনের পাশাপাশি পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল এবং দলের একাধিক সদস্য এ বিষয়ে অবগত ছিলেন। তবে সে সময় অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য এবং বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁর এমন প্রতিক্রিয়ায় বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার খাজা।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে ‘ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ বলে অভিহিত করেন কামিন্স। তাঁর মতে, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন—খাজার এমন দাবি সঠিক নয়। কামিন্স স্পষ্ট করে জানান, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে দলের সবাই অবগত ছিলেন, এমন ধারণা সম্পূর্ণ ভুল। গত আট বছর ধরে তিনি একই কথা বলে আসছেন এবং এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে তাঁর জানা ছিল না।

কামিন্সের পাশে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। সংস্থাটির পূর্ণ সমর্থন পাওয়ায় অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সংকট তৈরি হয়নি তাঁর। অন্যদিকে খাজা জানিয়েছেন, কামিন্সের নেতৃত্ব নিয়ে কখনোই তাঁর আপত্তি ছিল না। বরং সব সময়ই তাঁকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন। এক পডকাস্টে খাজা বলেন, কামিন্সকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পক্ষে তিনি কখনোই ছিলেন না।

খাজার ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগেই কামিন্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনায় দলগতভাবে দায় স্বীকার করার প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু কামিন্স অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তাঁর বক্তব্যকে মানহানিকর বলে উল্লেখ করেন।

কামিন্সের এমন অবস্থানে নিজের কষ্টের কথা জানিয়েছেন খাজা। তিনি বলেন, কামিন্স তাঁর বিরুদ্ধে এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন, তা কখনো কল্পনাও করেননি। বিশেষ করে ব্যক্তিগতভাবে যেভাবে তাঁকে আক্রমণ করা হয়েছে এবং এখনো হচ্ছে, তা তাঁকে ব্যথিত করেছে। কামিন্সের কাছ থেকে আগে কখনো এমন আচরণ দেখেননি বলেও জানান সাবেক এই ওপেনার।

এদিকে খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তাঁদের মতে, খাজার অভিযোগের সত্যতা রয়েছে। তবে নিজের অবস্থান থেকে সরে আসেননি খাজাও। তিনি জানিয়েছেন, যা বলেছেন, তা সত্য জেনেই বলেছেন। এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। বরং সত্য প্রকাশ করতে পেরেছেন বলেই রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি।