যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যের বাজারে অনলাইনে গাড়ি কেনাবেচার সেবা চালু করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ২০২৭ সালের শুরুর দিকে দেশটিতে ‘অ্যামাজন অটোস’ নামের এই সেবা চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের বাইরে এটিই হবে অ্যামাজনের অনলাইন গাড়ি বিক্রির সেবার প্রথম আন্তর্জাতিক সম্প্রসারণ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই সেবার আওতায় ক্রেতারা অ্যামাজনের যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইটে নতুন ও ব্যবহৃত গাড়ি খুঁজে দেখতে পারবেন। শুরুতে গাড়ি সরবরাহকারী অংশীদার হিসেবে যুক্ত থাকবে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। প্রতিষ্ঠানটির বিভিন্ন বৈদ্যুতিক, হাইব্রিড ও পেট্রলচালিত গাড়ি পাওয়া যাবে। এসব মডেলের মধ্যে রয়েছে আইওনিক ৩, আইওনিক ৫, কোনা ও আই২০।
পাশাপাশি যুক্তরাজ্যের গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ভার্টু মোটরসের মাধ্যমে ব্যবহৃত গাড়িও বিক্রি করবে অ্যামাজন। ভবিষ্যতে আরও গাড়ি নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠানকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অ্যামাজনের ওয়েবসাইটে ক্রেতারা গাড়ির মডেল, বিভিন্ন বৈশিষ্ট্য ও নির্ধারিত দাম সম্পর্কে জানতে পারবেন। পছন্দের গাড়ি নির্বাচন করে সেটি সংরক্ষণের পাশাপাশি নিজেদের পুরোনো গাড়ির সম্ভাব্য বাজারমূল্যও যাচাই করতে পারবেন। এ ছাড়া গাড়ি কেনার জন্য অর্থায়নের সুযোগ সম্পর্কেও তথ্য পাবেন তারা।
তবে গাড়ি কেনার সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে না। ওয়েবসাইটে পছন্দের গাড়ি নির্বাচন ও সংরক্ষণের পর চূড়ান্ত কেনাকাটা সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট ডিলারশিপে গিয়ে। গাড়ির দাম নির্ধারণের বিষয়টিও বিক্রেতাদের হাতে থাকবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ‘অ্যামাজন অটোস’ সেবা চালু করে প্রতিষ্ঠানটি। পরবর্তী সময়ে দেশটির ১৫০টির বেশি শহরে সম্প্রসারিত হয় এই কার্যক্রম। এবার যুক্তরাজ্যে সেবা চালুর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে অনলাইন গাড়ি বিক্রির ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে অ্যামাজন।



