কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে কথোপকথনে গালাগাল বা অপমানজনক ভাষা ব্যবহার করলে কাঙ্ক্ষিত সমাধান পাওয়ার সম্ভাবনা কমে যায়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ভদ্রভাবে অসন্তোষ প্রকাশের তুলনায় আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে সমস্যার সমাধানের হার উল্লেখযোগ্যভাবে কমে যায়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরাডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এআই চ্যাটবটের সঙ্গে মানুষের আচরণ এবং কথোপকথনের ভাষা উত্তরের কার্যকারিতাকে কীভাবে প্রভাবিত করে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, ব্যবহারকারী কোনো উত্তরে অসন্তুষ্ট হলে গালাগাল ছাড়াই অভিযোগ জানালে পরবর্তী উত্তরে ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান পাওয়া যায়। অন্যদিকে, অপমানজনক বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে সমাধানের হার কমে দাঁড়ায় ২৪ শতাংশে।
গবেষকেরা জানিয়েছেন, অপমানজনক ভাষা ব্যবহারে চ্যাটবটের কার্যকারিতা কেন কমে যায়, সে বিষয়ে এখনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গবেষণায় আরও উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের প্রতি তিনজন চ্যাটবট ব্যবহারকারীর একজন এআইয়ের সঙ্গে কথোপকথনে গালাগাল বা অপমানজনক শব্দ ব্যবহার করেন। বছরব্যাপী ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে এ গবেষণা পরিচালনা করা হয়েছে।
বয়স ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষেরা প্রায় এক-তৃতীয়াংশ বেশি অপমানজনক শব্দ ব্যবহার করেন। আর ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ব্যবহারকারীদের মধ্যে এ ধরনের ভাষা ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি।
চ্যাটবটের প্রতি বিরক্তি প্রকাশের কারণও বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এতে দেখা গেছে, ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ না করায় ১৯ শতাংশ ক্ষেত্রে, ভুল উত্তর দেওয়ায় ১৮ শতাংশ এবং ব্যবহারকারীর বক্তব্য বুঝতে না পারায় ১৫ শতাংশ ক্ষেত্রে গালাগাল বা অপমানজনক আচরণ করা হয়।
এদিকে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক গত ১২ নভেম্বর থেকে তাদের ব্যবহারের নীতিমালায় চ্যাটবটের সঙ্গে অকারণে নিষ্ঠুর, অপমানজনক ও লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের পর এআইয়ের সম্ভাব্য অনুভূতি, নৈতিক মর্যাদা এবং মানুষের সঙ্গে প্রযুক্তির আচরণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, চ্যাটবটের কাছ থেকে কার্যকর উত্তর পেতে গালাগাল না করে সমস্যাটি স্পষ্টভাবে তুলে ধরা এবং ভুল হলে নির্দিষ্টভাবে সংশোধন চাওয়া উচিত। এতে কথোপকথন আরও কার্যকর হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত সমাধান পাওয়ার সম্ভাবনাও বাড়তে পারে।



