tanaka
প্রচ্ছদসারাদেশজামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ

জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেই শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে হামলার মামলায় আদালতে আত্মসমর্পণ করে আপস-মীমাংসার শর্তে ২০ দিনের জামিন পেয়েছেন আমির হোসেন (৩৫)। তবে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পরই শ্বশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্বশুর মো. দুলাল (৫০) ও শাশুড়ি হোসনেরা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত আমির হোসেন চরফলকন ইউনিয়নের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি হাজিরহাট বাজারের একজন মাংস ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে স্ত্রী ও পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন তিনি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ ও ক্রয়সূত্রে চর জাঙ্গালীয়া মৌজায় ১১ শতক বসতভিটার মালিক হোসনেরা বেগম। ২০১৫ সালে ওই জমির চার শতক মেয়ে শেফালী বেগমকে দান করেন তিনি। সেখানে ঘর নির্মাণ করে বসবাস করছেন আমির হোসেন।

অভিযোগ রয়েছে, আমির হোসেন প্রায়ই বাড়ির খোলা জায়গায় গরু জবাই করেন। পাশাপাশি গরুর বর্জ্য ও মলমূত্র বাড়ির খোলা জায়গা এবং পুকুরে ফেলেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যদের বসবাসে সমস্যা তৈরি হয়। এসব কাজে বাধা দেওয়ায় শাশুড়িকে গালিগালাজ ও কয়েক দফায় মারধর করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুলাই দুপুরে ১১ শতক জমিতে গরুর গামলা বসিয়ে দখলের চেষ্টা করেন আমির হোসেন। এ সময় বাড়ির গাছপালা কেটে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এতে বাধা দিলে হোসনেরা বেগমকে মারধর, শ্বাসরোধের চেষ্টা এবং তাঁর গলা ও কান থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে আমির হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ২৮ জুলাই লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আমির হোসেন, তাঁর স্ত্রী শেফালী বেগম, বোনজামাই আবু তাহের নান্নু (৪৫) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন হোসনেরা বেগম।

আদালত মামলাটি তদন্তের জন্য কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করেন আমির হোসেন। শাশুড়ির সঙ্গে বিরোধ মীমাংসার জন্য সময় চাইলে আদালত আপস-মীমাংসার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে ২০ দিনের জামিন দেন।

তবে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পরই শাশুড়িকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে শ্বশুর দুলালও হামলার শিকার হন।

হোসনেরা বেগম অভিযোগ করে বলেন, ‘আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে এসেই আমির অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে আমার স্বামীসহ আমাদের দুজনকে এলোপাতাড়ি মারধর করে। এখন পর্যন্ত সে আমাকে চারবার মেরেছে। এমনকি বাড়ির রাস্তা দিয়ে আমাকে হাঁটতেও দেয় না।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আমির হোসেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কয়েকটি মামলা করা হয়েছে। শাশুড়ির সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে সোমবারের হামলার বিষয়ে কেউ থানায় অভিযোগ বা খবর দেননি।