চট্টগ্রামে নিজ বাসা থেকে চন্দ্রা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে এর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতে নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সোসাইটির একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল হক জানান, চন্দ্রা শর্মা দক্ষিণ খুলশীর ৩ নম্বর সড়কের জাকির হোসেন সোসাইটির একটি ভবনে স্বামী মলয় কান্তি শর্মার সঙ্গে বসবাস করতেন।
সোমবার সন্ধ্যায় তাঁর স্বামী বাইরে থেকে বাসায় ফিরে দেখেন, দরজার ছিটকিনি ভেতর থেকে আটকানো। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।
পরে খুলশী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে চন্দ্রা শর্মার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।



