পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের একটি কক্ষের আসন দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রোমেল হোসেন ও জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষের একটি আসনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় ক্যাম্পাসে বহিরাগতদের অস্ত্রসহ উপস্থিত থাকার অভিযোগও উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ৭১৭ নম্বর কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেন থাকতেন। পরে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে আগের আসনে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে থাকার ব্যবস্থা করে দেন।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রোমেল হোসেন এতে আপত্তি জানান। পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন। এ নিয়ে সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে সভাপতি গ্রুপের অনুসারীদের প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়।
একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের নেতা তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সভাপতি গ্রুপের রোমেল হোসেনসহ কয়েকজন জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে ভেতরে থাকা কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।
এদিকে সাধারণ সম্পাদক গ্রুপের দাবি, গেস্ট রুমে আশ্রয় নেওয়া কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র ছিল। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে হল প্রভোস্টের সহায়তায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
স্বাধীনতা হলের সহসভাপতি তুর মোহাম্মদ মুবতাসিম বলেন, ‘আমি বাইরে গেলে রোমেল হোসেন ও তাঁর অনুসারীরা আমার গায়ে হাত তোলেন। ওই হলে আমার কোনো আসনও নেই। আমি শুধু আমার এক সিনিয়রের সঙ্গে সেখানে গিয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, সংঘর্ষের ঘটনা নিয়ে বৈঠক করছেন।
পরে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘সভাপতির নিজের ছেলেরা মারামারি করে নিজেদের আহত করেছে। কিন্তু দোষ আমাদের ওপর চাপাচ্ছে।’
জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনাটি নিয়ে হল প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে বোর্ড মিটিংয়ে বসেছি। মিটিং শেষে আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।’
এদিকে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।



