tanaka
প্রচ্ছদইসলাম ও জীবন৪ ডিসেম্বর ঢাকায় বসছে ২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন

৪ ডিসেম্বর ঢাকায় বসছে ২৫তম ‘ইক্বরা’ আন্তর্জাতিক কেরাত সম্মেলন

পবিত্র কুরআনের সুললিত সুর ও বিশুদ্ধ তিলাওয়াতে মুখরিত হতে যাচ্ছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে ‘২৫তম ইক্বরা আন্তর্জাতিক কেরাত সম্মেলন বাংলাদেশ-২০২৬’।

বাদ জুমা শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এ সম্মেলন। ঐতিহ্যবাহী এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে পিএইচপি ফ্যামিলি। সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সম্মেলনে থাকছেন মন্ত্রী, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এমপি। উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মহিবুল্লাহ হিল বাকী নদভী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব তানভির আহমাদ এবং বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এজাজ আহমেদের।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত সুফী মোহাম্মদ মিজানুর রহমান। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পুরো আয়োজনের সভাপতিত্ব করবেন ইক্বরার সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি উস্তাদ শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

বিশ্বের পাঁচ দেশের খ্যাতিমান ক্বারিদের তিলাওয়াত

এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারিরা পবিত্র কুরআন তিলাওয়াত করবেন। তাঁদের মধ্যে রয়েছেন—

  • মিসরের ক্বারি ড. মুফতি মাহমুদ কামাল নাজ্জার।
  • ইরানের ক্বারি উস্তাদ মাহদি আদেলী।
  • আফগানিস্তানের ক্বারি উস্তাদ আলী রেজা রেয়াঈ।
  • তুরস্কের ক্বারি শায়খ হুসাইন তুরকান।
  • ইরাকের ক্বারি ড. খাইরুদ্দিন আল-হাদী।

আন্তর্জাতিক এসব ক্বারির সুললিত কণ্ঠে পবিত্র কুরআনের তিলাওয়াত সম্মেলনে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

৬০ বছরের গৌরবময় পথচলায় ইক্বরা

উপমহাদেশে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে কেরাতের প্রচার-প্রসারের লক্ষ্যে ১৯৬৬ সালে ইমামুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)।

স্বাধীনতার পর ১৯৯১ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে ধারাবাহিকভাবে ২৪টি আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজন করেছে। প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষে এবারের ২৫তম সম্মেলন আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের প্রত্যাশা, দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারিদের অংশগ্রহণে এবারের সম্মেলন পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াতের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।