tanaka
প্রচ্ছদইসলাম ও জীবনহজ-ওমরাহে গিয়ে স্বর্ণের গহনা কেনা ও পরা যাবে কি?

হজ-ওমরাহে গিয়ে স্বর্ণের গহনা কেনা ও পরা যাবে কি?

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। সামর্থ্যবান মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ। শারীরিক সক্ষমতার পাশাপাশি এ ইবাদত পালনের জন্য আর্থিক সামর্থ্যও থাকা জরুরি। তাই সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালনে অবহেলা করা গুরুতর বিষয়।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান পবিত্র হজ ও ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় সমবেত হন। মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে তাঁরা উচ্চারণ করেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

পবিত্র এই সফরে ইবাদতের পাশাপাশি কেনাকাটা নিয়েও অনেকের মনে নানা প্রশ্ন থাকে। বিশেষ করে ব্যক্তিগত ব্যবহার কিংবা ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের গহনা কেনা এবং ইহরাম অবস্থায় নারীদের গহনা পরার বিধান কী, তা জানতে চান অনেকে।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, হজ ও ওমরাহর সফরে ব্যক্তিগত ব্যবহার কিংবা ব্যবসার উদ্দেশ্যে স্বর্ণের গহনা কেনাবেচা করা জায়েজ। এ সময় ব্যবসা-বাণিজ্য পরিচালনা, পণ্য কেনা কিংবা বিক্রি করতেও শরিয়তে কোনো নিষেধাজ্ঞা নেই।

পবিত্র কোরআনে হজের সফরে ব্যবসা-বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন,

لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ ۚ فَإِذَا أَفَضْتُمْ مِنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِنْدَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖ وَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِنْ كُنْتُمْ مِنْ قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ

অর্থ: ‘তোমাদের ওপর কোনো পাপ নেই যে, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, তখন মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে। আর তাঁকে স্মরণ করবে, যেভাবে তিনি তোমাদের হেদায়েত করেছেন। অথচ এর আগে তোমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে।’ (সুরা বাকারা: ১৯৮)

ইমাম ইবনে জারির তাবারি (রহ.) সাহাবি ও তাবেঈদের একাধিক বর্ণনার আলোকে উল্লেখ করেছেন, হজের সময় ব্যবসা-বাণিজ্য করার বৈধতা প্রসঙ্গেই এ আয়াত অবতীর্ণ হয়েছে। (তাফসিরে তাবারি)

অন্যদিকে, হজ ও ওমরাহর ইহরাম অবস্থায় নারীদের স্বর্ণ ও রুপার গহনা পরিধান করাও জায়েজ। ইহরাম পালনের কারণে নারীদের জন্য গহনা পরার ওপর আলাদা কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

প্রখ্যাত তাবেঈ নাফে (রহ.) থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-এর স্ত্রী ও মেয়েরা ইহরাম অবস্থায় স্বর্ণ ও রুপার গহনা ব্যবহার করতেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১৪৪১৪)

এ বর্ণনার ভিত্তিতে যেসব নারী স্বাভাবিক সময়ে নাক, কান কিংবা শরীরের অন্যান্য স্থানে স্বর্ণ, রুপা বা অন্য ধাতুর গহনা পরিধান করেন, তাঁরাও ইহরাম অবস্থায় সেসব গহনা পরতে পারবেন। তবে গহনা বা সাজসজ্জা এমন হওয়া উচিত নয়, যা পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে।

তবে ইহরাম অবস্থায় সাজসজ্জার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। ইহরাম বাঁধার পর সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে প্রসাধনী ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। মেহেদি, লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। চুলে তেল দেওয়া ও সাজসজ্জার উদ্দেশ্যে চুল পরিচর্যার বিষয়েও শরিয়তের বিধান মেনে চলতে হবে।

সুতরাং হজ-ওমরাহর সফরে স্বর্ণের গহনা কেনাবেচা এবং নারীদের ইহরাম অবস্থায় গহনা পরিধান—উভয় ক্ষেত্রেই শরিয়তে অনুমতি রয়েছে। তবে ইহরামের অন্যান্য বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলা প্রত্যেক হাজি ও ওমরাহ পালনকারীর জন্য জরুরি।