বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পরিচালিত তিন বছর মেয়াদি শিস্টেম (SheSTEM) প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের (ইকেএন) সহায়তায় পরিচালিত এ প্রকল্পের সমাপনী আয়োজন গত ২৩ নভেম্বর (সোমবার) রাজধানীতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় প্রকল্পের তিন বছরের অর্জন ও অভিজ্ঞতা পর্যালোচনার পাশাপাশি এতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বাংলাদেশে স্টেম খাতে কর্মরতদের মধ্যে নারীর অংশগ্রহণ মাত্র ১৪ শতাংশ। এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্য নিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে শিস্টেম। প্রকল্পটি ইতোমধ্যে ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। অংশগ্রহণকারীদের ৬০ শতাংশই নারী। পাশাপাশি প্রকল্পের সহায়তায় ২৯০ জন তরুণী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।
লাইটক্যাসল পার্টনার্সের নেতৃত্বে গঠিত কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করে। কনসোর্টিয়ামের অন্য সদস্যরা হলো টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
তিন বছরে যেসব উদ্যোগ নিয়েছে শিস্টেম
প্রকল্পের আওতায় গত তিন বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, রোল মডেল টক, শিল্প খাতের নেতাদের সঙ্গে সরাসরি মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক, ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট ও চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
পাশাপাশি কর্মক্ষেত্রে জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিশ্চিত করতে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করেছে প্রকল্পটি।
এ কার্যক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত ছিল।
এ ছাড়া বিএসআরএম ও ওয়ালটনের মতো দেশীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছে শিস্টেম।
গবেষণা, মেন্টরশিপ ও শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ
প্রকল্পটির উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীর ওপর জরিপের ভিত্তিতে তৈরি ‘শিস্টেম বিজনেস কেস রিপোর্ট’। এতে স্টেম খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন অভিজ্ঞ ও নেতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা পেশাজীবীদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান।
এ ছাড়া চুয়েটের ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট কর্মসূচি সম্পন্ন করেন। অন্যদিকে, কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২.০০’-এর মতো বিজনেস-টেক চ্যালেঞ্জে অংশ নেন ৩০০ জনের বেশি শিক্ষার্থী।
‘মেধার কোনো জেন্ডার নেই’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাইটক্যাসল পার্টনার্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম।
তিনি বলেন, ‘তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, মেধার কোনো জেন্ডার নেই। আজ আমরা সেই নারীদের উদ্যাপন করছি, যারা তা প্রমাণ করেছেন; আর সেই সহযোগীদেরও, যারা তাদের জন্য জায়গা করে দিয়েছেন।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভলার্ন কনসাল্টিংয়ের ম্যানেজিং পার্টনার। স্টেম খাতে নারীদের জন্য সমতাভিত্তিক কর্মসংস্থান ও পেশাগত সুযোগ তৈরির বিষয়ে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটুআই, বিএসআরএম ও ইউএনডিপির প্রতিনিধিরা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল।
অনুষ্ঠানে প্রকল্পে অবদানের স্বীকৃতিস্বরূপ মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানকে ‘শিস্টেম অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়।
প্রকল্প শেষ হলেও অব্যাহত থাকবে উদ্যোগ
আয়োজকরা জানান, তিন বছর মেয়াদি প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও এর মাধ্যমে গড়ে ওঠা অংশীদারত্ব, মেন্টর নেটওয়ার্ক এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
তাদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি নারী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা গ্রহণে আগ্রহী হবেন এবং কর্মজীবনে নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন।
প্রকল্পটির মূল বার্তা—বাংলাদেশে ক্যারিয়ারের কোনো জেন্ডার নেই; যোগ্যতা ও দক্ষতাই হওয়া উচিত পেশাগত সাফল্যের প্রধান মাপকাঠি।



