tanaka
প্রচ্ছদজাতীয়পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

পুলিশের ফাঁদে ধরা পড়লেন সুইডেন আসলাম

জুলাই গণ-অভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলবাণিজ্যসহ নানা অপরাধে তাঁর নাম আসতে থাকে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তারে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কয়েক দফা অভিযান চালিয়েও তাঁর নাগাল পায়নি পুলিশ। কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পাওয়া কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে সুইডেন আসলামও ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পর তিনি বিদেশে চলে যান। সেখান থেকেই নিজের অপরাধ কর্মকাণ্ডের নেটওয়ার্ক পরিচালনা করতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামে তিনতলা একটি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন সুইডেন আসলাম। ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে মার্কেটটি তাঁর নিয়ন্ত্রণে। সেখানে ব্যবসা পরিচালনা করতে হলে তাঁকে চাঁদা দিতে হয়।

কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও দখলবাণিজ্যের সঙ্গেও সুইডেন আসলামের নাম জড়িয়েছে। অভিযোগ রয়েছে, তাঁর অনুসারীরা ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গত ৭ জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডে বিনাশ নামে এক সন্ত্রাসীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। তিনি সুইডেন আসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ডিবি সূত্র জানায়, জামিনে মুক্তির পর গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যান সুইডেন আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার মালয়েশিয়া থেকে একই পথে ঢাকা যাওয়া-আসা করেন তিনি। মালয়েশিয়ায় অবস্থান করলেও বিভিন্ন সময়ে থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও যাতায়াত ছিল তাঁর।

সূত্রের দাবি, গত আগস্টে একবার দেশে ফেরার পর তাঁর অবস্থান শনাক্ত করে তেজগাঁও এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে গোয়েন্দাদের সামনে দিয়েই পালিয়ে যান তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গোয়েন্দাদের কাছে সুইডেন আসলামের একটি পুরোনো ছবি ছিল। কিন্তু বর্তমানে তাঁর চেহারার সঙ্গে ওই ছবির মিল ছিল না। ফলে তাঁকে শনাক্ত করতে পারেননি অভিযান পরিচালনাকারীরা। নাম জানতে চাইলে তিনি নিজেকে আলী আকবার পরিচয় দিয়ে সেখান থেকে চলে যান। পরে গ্রেপ্তারের পর নিশ্চিত হওয়া যায়, সেদিন আলী আকবার পরিচয় দেওয়া ব্যক্তিই ছিলেন সুইডেন আসলাম।

এ ঘটনার পর তাঁকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে ডিবি। পাশাপাশি গ্রেপ্তারের জন্য নতুন কৌশলও নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরেন সুইডেন আসলাম। তাঁর দেশে ফেরার তথ্য পেয়ে গোয়েন্দারা ইমিগ্রেশন পুলিশকে সতর্ক করেন। পুরোনো একটি মামলার নথি সংযুক্ত করে তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে চিঠিও দেওয়া হয়। ওই চিঠির ভিত্তিতে রোববার রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।