নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাওয়ার কথা রয়েছে তাঁর।
সফরকালে প্রধানমন্ত্রী তিন বাহিনীর যৌথ সামরিক অনুশীলনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
অনুশীলনস্থল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন সরকারপ্রধান। কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরের মধ্য দিয়ে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন। স্থানীয়ভাবে দ্বীপটি ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।



