রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে কীভাবে বাস্তবভিত্তিক সহযোগিতায় রূপ দেওয়া যায়, তা নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় প্রথমবারের মতো ৪০ কোটি পাউন্ড অনুদান দিয়েছে যুক্তরাজ্য। পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
এ ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়াতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগসংক্রান্ত এ মামলায় আদালতের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন শামা ওবায়েদ।
এ সময় রোহিঙ্গাদের অধিকার ও দুর্দশার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে এডিনবারার ডাচেস সোফির ভূমিকারও প্রশংসা করেন তিনি। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে সোফির সাম্প্রতিক সফর এবং এ জনগোষ্ঠীর পক্ষে তার ধারাবাহিক প্রচারণার বিষয়টি বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ প্রসঙ্গে যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা তুলে ধরেন শামা ওবায়েদ। সফরকালে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে তার আলোচনার বিষয়টিও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।



