tanaka
প্রচ্ছদজাতীয়দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও রাজপথে সহিংসতা বাড়তে থাকায় এ অবস্থান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনাকে সরাসরি দেশে ফিরিয়ে আনার পরিবর্তে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফেরত আনার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে নয়াদিল্লি তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে প্রত্যাশা করছে ঢাকা।

রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গত এপ্রিলে মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ তারা পর্যালোচনা করছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। একই সময়ে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সময়ের সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।

২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ শুরু হলে ঢাকা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন তিনি। তবে সরকার তার আবেদন নাকচ করে দিয়েছে।

রয়টার্সকে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা মাত্রই গ্রেপ্তার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামিকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে তার প্রত্যাবর্তনের দাবিতে এক সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউনের ডাক দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া দলের’ টিকে থাকার কৌশল হিসেবে উল্লেখ করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী পাল্টা দাবি করে বলেছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই এসব ঘটনার জন্য দায়ী।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষ্য, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা।

শামা ওবায়েদের কথায়, ‘বাংলাদেশের জন্য কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করা প্রয়োজন, তা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভারত-বাংলাদেশ সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রতিবেশী মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়িয়ে শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ।

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার ঘটনাকে রাষ্ট্রীয় মদদে সংঘটিত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।

তবে আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির বক্তব্য, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হবে।

আদালতের রায়কে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখছেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘এখন এই রায় বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি দিয়েছে।’ একই সঙ্গে রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিভিন্ন সময়ে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ফলে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। অন্যদিকে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইন রাজ্যের প্রায় পুরো এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় প্রত্যাবাসন আরও জটিল হয়ে উঠেছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই সংকট বাংলাদেশ তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই এর সমাধানও মি