বলিউডে অভিষেকের আগে অভিনয়ের প্রশিক্ষণ নিতে গিয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। পরিচারিকার চরিত্রে অভিনয়ের একটি অনুশীলনে বারবার ব্যর্থ হয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি একপর্যায়ে চোখে পানি চলে এসেছিল তার। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক অনুষ্ঠানে দীপিকার সেই অভিজ্ঞতার কথা স্মরণ করেন অভিনেতা ও অভিনয় প্রশিক্ষক অনুপম খের।
অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে ঘটনাটি শোনান অনুপম। তিনি জানান, ফারাহ খানের পরিচালনায় শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমায় অভিনয়ের আগে মুম্বাইয়ে তাঁর অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’-এ তিন মাসের কোর্স করেছিলেন দীপিকা।
সেই সময় দীপিকা পরিচিত মডেল ছিলেন। অনুপমের ভাষ্য অনুযায়ী, ফারাহ খান তাঁকে শাহরুখ খানের বিপরীতে সিনেমায় নেওয়ার সিদ্ধান্ত নেন। মডেলিংয়ের পাশাপাশি মার্জিত ও শিক্ষিত পরিবেশে বেড়ে ওঠার কারণে দীপিকার আচরণেও ছিল পরিমিতিবোধ। সব কাজই তিনি বেশ গোছানোভাবে করতেন। এমনকি চায়ের কাপ ধরার মধ্যেও তাঁর সেই মার্জিত ভঙ্গি ফুটে উঠত।
অনুপম জানান, অভিনয়ের একটি ক্লাসে দীপিকাকে মেঝে ঝাড়ু দেওয়া পরিচারিকার চরিত্রে অভিনয় করতে বলা হয়। কিন্তু চরিত্রটির স্বাভাবিক আচরণ ফুটিয়ে তোলার পরিবর্তে দীপিকার অভিনয়ে বারবার আভিজাত্য ও কমনীয়তা প্রকাশ পাচ্ছিল। চরিত্রটির জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসও তাঁর অভিনয়ে অনুপস্থিত ছিল।
বিষয়টি বোঝাতে অনুপম নিজের বাড়ির একজন পরিচারিকাকে ক্লাসে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল, বাস্তবে একজন পরিচারিকা কীভাবে ঝাড়ু দেন এবং তাঁর স্বাভাবিক আচরণ কেমন—তা কাছ থেকে দেখে শেখার সুযোগ করে দেওয়া।
অনুপমের ভাষ্য, দীপিকাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, অভিনয়টি তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে না হওয়া পর্যন্ত অনুশীলন চলবে। বারবার চেষ্টা করতে গিয়ে একপর্যায়ে বিরক্ত ও হতাশ হয়ে পড়েন অভিনেত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অনুপমের প্রত্যাশা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে সক্ষম হন দীপিকা। পরে এই কঠিন অনুশীলনের জন্য অনুপমকে ধন্যবাদও জানান তিনি।
অনুষ্ঠানে অনুপম আরও বলেন, অভিনয়ে দক্ষতা অর্জনের জন্য নিরবচ্ছিন্ন চর্চার পাশাপাশি বাস্তব জীবনের অভিজ্ঞতা ও কাজের জগতে ‘স্ট্রিট স্মার্ট’ হওয়াও গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, ২০০৭ সালে ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। শাহরুখ খানের বিপরীতে অভিনীত ছবিটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে।



