ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে ঘুরে গেছেন দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার (২২ নভেম্বর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।
তবে সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে আওয়ামী লিগের এটা একটা মহড়া।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন। ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে শুধু একটি সীমান্তপথের ওপর নির্ভর করতে চাইছেন না আওয়ামী লীগের নেতারা। বিকল্প পথের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও তাদের পর্যবেক্ষণের পরিকল্পনায় রয়েছে।



