লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমা হামলা এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগই প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর অভিযোগ, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে মানুষকে দমন-পীড়ন করার সংস্কৃতি দীর্ঘদিন ধরে চালু রেখেছিল দলটি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের পাশের জয়বাংলা মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে আহত হয়ে মানুষকে সেই বার্ন ইউনিটে চিকিৎসা নিতে হতো। পরবর্তী সময়ে দলটির নেতাকর্মীরা আবার ক্যামেরা নিয়ে সেখানে গিয়ে আহতদের পরিস্থিতি ধারণ করতেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের নানা প্রমাণ সামনে আসছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কারও কথায় পরিচালিত হবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না।’ জনগণকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে গেছে।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে বসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন তাঁরা। হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ, গুম ও খুনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তাঁদের বিরুদ্ধে রয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুন করে তাঁদের পরিবারকে অসহায় করে দেওয়া হয়েছে। অথচ এখন তাঁরাই দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে শামা ওবায়েদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাঁকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। আওয়ামী লীগ এসব অগ্রগতি মেনে নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে শামা ওবায়েদ বলেন, গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পে লাখ লাখ নারী শ্রমিক কাজ করে তাঁদের পরিবার পরিচালনা করছেন এবং সন্তানদের লেখাপড়ার ব্যয় বহন করছেন। অথচ এই গুরুত্বপূর্ণ শিল্পকে অস্থিতিশীল ও ধ্বংস করার চেষ্টা চলছে।
তিনি বলেন, আন্তর্জাতিক মহল, উন্নয়ন সহযোগী এবং দেশের মানুষ পোশাকশিল্প ঘিরে চলমান পরিস্থিতি বুঝতে পারছে। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাঁদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে অঙ্গীকারবদ্ধ।
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা প্রমাণ করে, সংশ্লিষ্টরা শুধু রাজনৈতিকভাবে পরাজিতই নয়, দেশের অর্থনীতি ও জনগণের স্বার্থেরও বিরোধী বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। জনগণ আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।



