প্রায় দুই দশক ধরে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে আসছেন জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়া সত্ত্বেও তিনি অভিনয় ছাড়েননি। এবার চলচ্চিত্রেও পা রেখেছেন প্রভা। বর্তমানে তিনি চাকরি ও সিনেমার কাজ দুটোই সমানভাবে সামলাচ্ছেন।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রভা বলেন, “আমি আসলে স্টারডম দেখাতে পারি না। এটাকে ব্যর্থতা বা সফলতা—দুটোই বলা যায়। এইচএসসি পরীক্ষার শেষ দিনে মেরিল বিউটি সোপের অডিশনে অংশ নিয়েছিলাম। বিজ্ঞাপনে কাজ শুরু হলো, রাতারাতি জনপ্রিয় হয়ে গেলাম। সারা দেশে পরিচিতি পেলাম, কিন্তু নিজেকে সেই প্রভাই মনে হয়েছে।”
ক্যারিয়ারের আলো-অন্ধকার নিয়ে তিনি আরও বলেন, “শুটিং ইউনিটে কাউকে কষ্ট দিইনি, কারও শিডিউল নষ্ট করিনি। ভুল করেছি, শিখেছি, থেমে যাইনি। বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, এজন্য চিরকৃতজ্ঞ থাকব।”
প্রভা এবার প্রথমবারের মতো একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন। এগুলো হলো ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দেনা পাওনা’, যার পরিচালক সাদেক সিদ্দিকী।
তিনি ইতিমধ্যেই দুটি সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। তবে টানা বৃষ্টির কারণে দ্বিতীয় লট পিছিয়ে যাচ্ছে। প্রভা জানান, “হয়তো আগামী মাসের মাঝামাঝি নতুন শিডিউল পাব।”



