সশস্ত্রবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু
বাংলাদেশকে নিরাপদ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সশস্ত্রবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্রবাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় উজ্জীবিত থাকলে দেশকে কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কেউ পাবে না।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় লাখো মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্ব পালন করতে হবে। প্রথমত, যেকোনো মূল্যে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়ত, তাঁদের স্বপ্নের নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্রবাহিনীর উদ্দেশে সরকারপ্রধান বলেন, স্থলভাগের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষাও আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য। রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সশস্ত্রবাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন সেগুলো একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যেই সরকার ইতিমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রচলিত সামরিক সীমা ছাড়িয়ে প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের চাহিদা বিবেচনায় সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনের বিষয়গুলোও সরকারের পরিকল্পনায় রয়েছে।
তারেক রহমান বলেন, আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ে একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্রবাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সশস্ত্রবাহিনীর শক্তির অন্যতম ভিত্তি চেইন অব কমান্ড। পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই।
সশস্ত্রবাহিনীর সদস্যদের পেশাগত উন্নয়নের পাশাপাশি তাঁদের ও পরিবারের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতিমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ সশস্ত্রবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্রবাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে জীবন দিয়েছেন। সশস্ত্রবাহিনী দিবসে দেশ-বিদেশে শাহাদাতবরণকারী বীর সেনানীদের মাগফিরাত কামনা করছি। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সদস্যদের প্রতিও জানাচ্ছি আন্তরিক সহমর্মিতা।
মায়ের স্মৃতিচারণ করে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দিনটি আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে ব্যক্তিগতভাবে তাঁর কাছে দিনটি কিছুটা স্মৃতিকাতরতারও।
তিনি বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই ক্যান্টনমেন্টে কাটিয়েছেন। রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী, কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি বহুবার সশস্ত্রবাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালে সশস্ত্রবাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর জীবনের শেষ অনুষ্ঠান।
তারেক রহমান বলেন, আজকের অনুষ্ঠানে এসে বারবার মায়ের স্মৃতি মনে পড়ছে। তিনি আল্লাহর দরবারে প্রয়াত খালেদা জিয়ার মাগফিরাত কামনা করেন এবং একজন সন্তান হিসেবে সবার কাছে তাঁর মায়ের জন্য দোয়া চান।
মুক্তিযুদ্ধ ও সশস্ত্রবাহিনীর ইতিহাস একই সূত্রে গাঁথা
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে সশস্ত্রবাহিনী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলেন। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস পালন করা হয়।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর জন্মের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্রবাহিনী গড়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সেনাবাহিনীর জন্য গৌরবের পাশাপাশি অনুপ্রেরণার উৎস।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, ওই রাতে চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপঅধিনায়ক মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন। পরে রেজিমেন্টের বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের সংগঠিত করে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।
তিনি আরও বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে জিয়াউর রহমান সশস্ত্র সংগ্রামের আহ্বান জানান এবং পরে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর বেতারবার্তা দেশের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক এসব কারণে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর ইতিহাস স্বতন্ত্র ও অনন্য।
১৯৭১, ৭ নভেম্বর ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গও তুলে ধরেন।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত শক্তি পরবর্তী সময়ে জোটবদ্ধ হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল। ওই হত্যাকাণ্ডের পর বাংলাদেশকে কী ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা দেশবাসীর জানা।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক পর্বেই সশস্ত্রবাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি কূটনীতিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের অবদানের কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর জন্য বিভিন্ন বন্ধুরাষ্ট্রের উন্নত প্রশিক্ষণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি, বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং সশস্ত্রবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরাও উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
এর আগে সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিশ্বদরবারে বাংলাদেশকে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব পালনের সামান্য চেষ্টা করেছে। নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত বলে জানান।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য তাঁকেও গভীরভাবে আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্রবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর জন্য গৌরবের বিষয়।
বিএনপি সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নিয়েছে। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে চা-চক্রেও অংশ নেন তিনি। অনুষ্ঠানে স্পিকার ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদসহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশ নেন। সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়রাও উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
শিখা অনির্বাণে শহীদদের প্রতি শ্রদ্ধা
সশস্ত্রবাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্রবাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।
এর আগে সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁকে স্বাগত জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্রবাহিনী বিভাগে যান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও মহাপরিচালকেরা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করেন। ঐতিহাসিক সেই দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্রবাহিনী দিবস পালন করা হয়।



