ইসরায়েলে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাব্য আলোচনায় ১০ দফা শর্ত দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। শর্তগুলোর মধ্যে রয়েছে, সরকার গঠিত হলে পুরো চার বছর নেতানিয়াহুকেই প্রধানমন্ত্রী থাকতে হবে। বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির কোনো সুযোগ রাখা যাবে না। পাশাপাশি কট্টর ডানপন্থি থেকে বামপন্থি—সব রাজনৈতিক দলকে জোট সরকারে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে দলটি।
এ ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে জোটের সব শরিকের সমর্থন, গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থান বজায় রাখা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করার শর্তও রয়েছে লিকুদের তালিকায়।
শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের সঙ্গে সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনার সময় এসব শর্ত তুলে ধরে লিকুদ পার্টি।
প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে লিকুদ পার্টির পক্ষে শর্তের তালিকা উপস্থাপন করেন নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে লিকুদ পার্টির দেওয়া ১০টি শর্তের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
শর্তগুলো হলো—
১. পুরো মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু: প্রস্তাবিত ঐক্যের সরকারে চার বছরের পুরো মেয়াদ বেনিয়ামিন নেতানিয়াহুকেই প্রধানমন্ত্রী থাকতে হবে। গাদি আইজেনকোটের সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির কোনো ব্যবস্থা রাখা যাবে না।
২. সব রাজনৈতিক দলকে সরকারে অন্তর্ভুক্তি: জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ওতজমা ইয়েহুদিত থেকে শুরু করে বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি পর্যন্ত সব রাজনৈতিক দলকে জোটে রাখতে হবে। তবে আরব নেতৃত্বাধীন দুটি দলকে এই জোটের বাইরে রাখার শর্ত দিয়েছে লিকুদ।
৩. ইরানে নতুন সামরিক অভিযানে সমর্থন: ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনার বিষয়ে জোটের সব শরিক দলকে পূর্ণ সমর্থন দিতে হবে।
৪. বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ অব্যাহত: রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন প্রণয়নের উদ্যোগ চালিয়ে যেতে হবে।
৫. ৭ অক্টোবরের হামলার তদন্তে রাজনৈতিক কমিশন: ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশনের পরিবর্তে একটি রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করতে হবে।
৬. অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগ: আল্ট্রা-অর্থোডক্স বা অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে নিয়োগসংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে বিদায়ী সরকারের উপস্থাপিত প্রস্তাবকে ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।
৭. আটক হামাস যোদ্ধাদের বিষয়ে অবস্থান অপরিবর্তিত: কারাগারে আটক হামাসের নুখবা ইউনিটের যোদ্ধাদের বিষয়ে বিদ্যমান শর্ত বহাল রাখতে হবে। তাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলেও এ অবস্থানে পরিবর্তন আনা যাবে না।
৮. গাজা থেকে সেনা প্রত্যাহার নয়: হামাসের হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বর্তমান অবস্থান থেকে সেনা প্রত্যাহার করা যাবে না।
৯. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা: জোটের সব শরিক দলকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
১০. ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয়ের স্বীকৃতি: ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে জোটের সব অংশীদারকে একটি বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এসব শর্তের মাধ্যমে জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় লিকুদ পার্টির প্রাথমিক অবস্থান স্পষ্ট হয়েছে। তবে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন এবং গাজায় ইসরায়েলি সেনাদের অবস্থানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।
ফলে লিকুদ পার্টির এসব শর্ত মেনে নিয়ে শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের সরকার গঠন সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল।



