জমির নামজারি করতে গিয়ে দীর্ঘসূত্রতা, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে জটিলতা কিংবা খতিয়ান ও মৌজা নকশা সংগ্রহে সমস্যায় পড়ছেন? আবার ভূমি অফিসে সেবা নিতে গিয়ে হয়রানি, ঘুষ দাবি বা অনিয়মের শিকার হচ্ছেন? এসব সমস্যার সমাধান ও অভিযোগ জানাতে নাগরিকদের জন্য রয়েছে ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা হটলাইন ১৬১২২। এই নম্বরে ফোন করে ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ পাওয়ার পাশাপাশি সেবা পেতে গিয়ে তৈরি হওয়া সমস্যার কথাও জানানো যাবে।
নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, মৌজা ম্যাপসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে সহায়তা দেয় এই হটলাইন। পাশাপাশি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি কিংবা সেবা প্রদানে অযৌক্তিক বিলম্বের অভিযোগও করা যায়।
হটলাইন ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম এবং সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএসের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ফলে প্রতিটি সমস্যার জন্য ভূমি অফিসে বারবার যাওয়ার প্রয়োজন হয় না।
১৬১২২ নম্বরে যেসব ভূমিসেবা সম্পর্কে জানতে পারবেন
ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকায় ভূমিসেবা-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
নামজারি ও জমাখারিজ: জমি কেনার পর নিজের নামে নামজারি করতে প্রয়োজনীয় নিয়ম, কাগজপত্র, সরকারি ফি এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানা যাবে। আবেদন করতে গিয়ে কোনো জটিলতা তৈরি হলেও সহায়তা চাওয়া যাবে।
ভূমি উন্নয়ন কর: অনলাইনে খাজনা পরিশোধ, হোল্ডিং খোলা ও অনুমোদন, কর নির্ধারণ, ভুল করের দাবি সংশোধন এবং দাখিলা সংগ্রহসংক্রান্ত সমস্যায় পরামর্শ পাওয়া যাবে।
খতিয়ান ও জমির রেকর্ড: সিএস, এসএ, আরএস ও বিএস জরিপের খতিয়ান বা পর্চা সংগ্রহ, সার্টিফায়েড কপি এবং ভূমির রেকর্ডসংক্রান্ত তথ্য জানা যাবে।
মৌজা ম্যাপ ও জমির নকশা: মৌজা নকশা সংগ্রহ, জমির অবস্থান শনাক্তকরণ এবং জরিপসংক্রান্ত জটিলতা নিয়ে সহায়তা পাওয়া যাবে।
ভূমি জরিপ ও রেকর্ড সংশোধন: মাঠপর্যায়ের জরিপ, জরিপের তথ্য যাচাই, আদালতের নির্দেশনা অনুযায়ী রেকর্ড সংশোধন এবং জমির শ্রেণি পরিবর্তনের বিষয়ে পরামর্শ নেওয়া যাবে।
ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ: সরকারি প্রয়োজনে জমি অধিগ্রহণ বা হুকুমদখল করা হলে ক্ষতিপূরণ নির্ধারণ ও পরিশোধের নিয়ম সম্পর্কে জানা যাবে।
খাসজমি ও জলমহাল: খাস কৃষি ও অকৃষি জমির বন্দোবস্ত, জলমহালসহ বিভিন্ন সায়রাত মহালের ইজারা এবং সংশ্লিষ্ট আবেদনপ্রক্রিয়া সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
ভূমি রাজস্ব মামলা: রাজস্ব মামলার আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহসহ ভূমি রাজস্বসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে পরামর্শ পাওয়া যাবে।
এ ছাড়া অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, ইজারা, বন্দোবস্ত এবং ভূমি প্রশাসনের অন্যান্য কার্যক্রম নিয়েও হটলাইনে যোগাযোগ করা যাবে।
ভূমি অফিসের বিরুদ্ধে যেসব অভিযোগ করতে পারবেন
ভূমি অফিসে সেবা নিতে গিয়ে অনেক নাগরিককে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। কখনো সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়, আবার কখনো প্রয়োজনীয় সেবা পেতে একাধিকবার অফিসে যেতে হয়। এসব অনিয়মের বিরুদ্ধে ১৬১২২ নম্বরে অভিযোগ জানানো যাবে।
অভিযোগের আওতায় রয়েছে—
-
ভূমিসেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব।
-
সেবা নিতে গিয়ে হয়রানি বা অসদাচরণের শিকার হওয়া।
-
ঘুষ বা সরকারি ফির বাইরে অবৈধ অর্থ দাবি কিংবা গ্রহণ।
-
সরকারি জমি অবৈধভাবে দখল।
-
ভূমির রেকর্ড নষ্ট করা বা তথ্য বিকৃত করা।
-
ভূমিসেবা-সংক্রান্ত ওয়েবসাইট ও অনলাইন ব্যবস্থায় কারিগরি সমস্যা।
-
ভূমিসেবা প্রদান ও সেবার পদ্ধতিতে অন্যান্য অনিয়ম।
অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নথিভুক্ত ও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা দপ্তরে পাঠায়। অভিযোগের ধরন অনুযায়ী তদন্ত, শুনানি কিংবা প্রয়োজনীয় কাগজপত্র তলব করা হতে পারে।
তবে কোনো বিষয় দেওয়ানি বা রাজস্ব আদালতে বিচারাধীন থাকলে কিংবা আদালতের আদেশ নিয়ে বিরোধ থাকলে হটলাইনের মাধ্যমে বিচারিক সিদ্ধান্ত পাওয়া যাবে না।
কখন ফোন করবেন, কলচার্জ কত?
ভূমি সেবা হটলাইন ১৬১২২ সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকে। সরকারি ছুটির দিন কিংবা রাতেও এ নম্বরে ফোন করে ভূমিসংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ জানানো যায়।
প্রবাসী বাংলাদেশিদের জন্যও রয়েছে আলাদা যোগাযোগ নম্বর। বিদেশ থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে কল করে ভূমিসেবা-সংক্রান্ত সহায়তা নেওয়া যাবে।
তবে ১৬১২২ নম্বরটি টোল ফ্রি নয়। এ নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের প্রচলিত কলচার্জ প্রযোজ্য হবে।
ফোন ছাড়াও অনলাইনে যেভাবে অভিযোগ করবেন
হটলাইনে যোগাযোগের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও অভিযোগ করা যায়। এ জন্য ভিজিট করতে হবে hotline.land.gov.bd ওয়েবসাইটে।
ওয়েবসাইটে প্রবেশ করলে ‘অভিযোগ প্রতিকার’ ও ‘কারিগরি সহায়তা’ নামে দুটি সেবার অপশন পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি নির্বাচন করে অভিযোগ বা সহায়তার আবেদন করতে হবে। এ জন্য ওয়েবসাইটে লগইন করতে হবে। আগে থেকে নিবন্ধন করা না থাকলে সচল মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করা যাবে।
অনলাইনে ভূমিসেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হলে ‘কারিগরি সহায়তা’ অপশন ব্যবহার করা যাবে। যেমন—
-
অনলাইনে পেমেন্ট করতে না পারা।
-
টাকা কেটে নেওয়ার পরও দাখিলা বা ডিসিআর না পাওয়া।
-
সংশ্লিষ্ট মৌজা অনলাইন ব্যবস্থায় খুঁজে না পাওয়া।
-
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ে সমস্যা।
-
এসএমএস বা ওটিপি না পাওয়া।
এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সেবার নাম, আবেদন নম্বর, লেনদেনের নম্বর ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তার আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কারিগরি দল সমস্যাটি সমাধানের উদ্যোগ নেবে।
অন্যদিকে, মাঠপর্যায়ের ভূমি অফিস থেকে সেবা পেতে বিলম্ব, হয়রানি, অসদাচরণ কিংবা দুর্নীতির শিকার হলে ‘অভিযোগ প্রতিকার’ অপশনে অভিযোগ জমা দেওয়া যাবে।
এ ধরনের অভিযোগ উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা প্রশাসক এবং বিভাগীয় পর্যায়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করে ভূমি মন্ত্রণালয়।
অনলাইনে অভিযোগ জমা দেওয়ার সময় সমস্যার বিবরণ লেখার পাশাপাশি সংশ্লিষ্ট দলিল, আবেদনপত্র ও অন্যান্য প্রমাণের স্ক্যান কপি বা ছবি সংযুক্ত করা যায়। অভিযোগ জমা হওয়ার পর সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়। পরবর্তী সময়ে ওয়েবসাইট থেকেই অভিযোগের অগ্রগতি ও নিষ্পত্তির অবস্থা জানা সম্ভব।
এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। এ জন্য ই-মেইল করা যাবে info@minland.gov.bd এবং citizenservice@minland.gov.bd ঠিকানায়। মন্ত্রণালয়ের ফেসবুক পেজ ভূমিসেবা-এ বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব।
সরকারের কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থায় যেভাবে অভিযোগ করবেন
ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব ব্যবস্থার পাশাপাশি সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা গ্রিভেন্স রিড্রেস সিস্টেম (জিআরএস) ব্যবহার করেও অভিযোগ জানানো যায়।
এ জন্য www.grs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নাগরিক অভিযোগ জমা দিতে হবে। অভিযোগ দাখিলের পর মোবাইল ফোনে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে অগ্রগতির তথ্য জানানো হয়। দেওয়া ট্র্যাকিং নম্বর ব্যবহার করে অভিযোগের সর্বশেষ অবস্থা যাচাই করা যায়।
অভিযোগ নিষ্পত্তির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার বিষয়েও মতামত জানানোর সুযোগ রয়েছে।
জিআরএসে চাইলে পরিচয় গোপন রেখেও অভিযোগ করা যায়। তবে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ জমা দিলে পরবর্তী অগ্রগতির তথ্য পাওয়া যায় না। এমনকি অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তিও অনিশ্চিত থাকতে পারে।
অভিযোগ নিষ্পত্তিতে কত দিন সময় লাগে?
ভূমি মন্ত্রণালয়ের ২০২৬ সালের অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ৩০ কার্যদিবস।
তবে অভিযোগের বিষয়ে তদন্তের প্রয়োজন হলে অতিরিক্ত ১০ কার্যদিবস সময় নেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ তদন্তসহ সর্বোচ্চ ৪০ কার্যদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রাখা হয়েছে।
কোনো অভিযোগের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ রয়েছে। মূল অভিযোগের ফলাফল জানানোর তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে আপিল করতে হবে। আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ৩০ কার্যদিবস।
অভিযোগ করার আগে যেসব তথ্য হাতের কাছে রাখবেন
ভূমিসেবা নিয়ে কোনো সমস্যার অভিযোগ জানানোর আগে সংশ্লিষ্ট তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখা ভালো। এতে অভিযোগ যাচাই ও নিষ্পত্তির প্রক্রিয়া সহজ হয়।
এ ক্ষেত্রে প্রয়োজন হতে পারে—
-
জমির জেলা, উপজেলা ও মৌজার নাম।
-
জমির দাগ নম্বর ও খতিয়ান নম্বর।
-
জমির মোট পরিমাণ।
-
নামজারি বা ভূমি উন্নয়ন করের আবেদন নম্বর।
-
সংশ্লিষ্ট ভূমি অফিসের নাম।
-
সমস্যার সংক্ষিপ্ত বিবরণ ও ঘটনার তারিখ।
-
সংশ্লিষ্ট দলিল, আবেদনপত্র, রসিদ, এসএমএস বা অন্যান্য প্রমাণ।
অভিযোগের বিবরণ যত স্পষ্ট ও তথ্যনির্ভর হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া তত সহজ হবে।
সব মিলিয়ে জমির নামজারি, খাজনা, খতিয়ান কিংবা ভূমি অফিসের অনিয়ম নিয়ে সমস্যায় পড়লে নির্ধারিত সরকারি চ্যানেলে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। তবে মনে রাখতে হবে, হটলাইন বা অভিযোগ প্রতিকার ব্যবস্থা জমির মালিকানা বিরোধ নিষ্পত্তির জন্য আদালতের বিকল্প নয়। এর মূল উদ্দেশ্য হলো নাগরিকদের সরকারি ভূমিসেবা নিশ্চিত করা, সেবার মান উন্নত করা এবং অনিয়মের প্রতিকার করা।



