রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করায় এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিনকে ট্রাম্প কীভাবে সম্বোধন করবেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে ইউক্রেনের মানুষের কাছে পুতিন শত্রু ও খুনি।
চীনে প্রস্তাবিত ত্রিপক্ষীয় বৈঠকের আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। তার মতে, দিনরাত মানুষ হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই পুতিন একজন খুনি। তাকে বন্ধু হিসেবে অভিহিত করলে রুশ প্রেসিডেন্টের ওপর প্রয়োজনীয় চাপ তৈরি হয় না।
এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫২ জন। এ ছাড়া খারকিভে ১১ জন এবং রিভনেতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় রাশিয়া। এতে শতাধিক ক্ষেপণাস্ত্র ও চার শতাধিক ড্রোন ব্যবহার করা হয়। ওই হামলায় অন্তত নয়জন নিহত হন। জেলেনস্কি একে চলতি বছরের সবচেয়ে বড় রুশ হামলা হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধের অবসান চান এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার সুসম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনাকে মস্কোর উসকানি হিসেবে অভিহিত করেছে ওয়ারশ। পরিস্থিতি মোকাবিলায় ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
সূত্র: বিবিসি।



